এক বছর ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে হারিকেন দেখাচ্ছেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শুক্রবার সকালে নগরের আগ্রাবাদের বিদ্যুৎ ভবনে প্রি-পেমেন্ট মিটার কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভায় নিজ বিভাগের কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়েন প্রতিমন্ত্রী। পিডিবির চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এক বছর ধরে হারিকেন দেখাচ্ছেন।’ 

ধীরগতিতে প্রিপেইড মিটার স্থাপন কাজে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘তিন বছরে লাগালেন এক লাখ। অথচ গ্রাহক আছে সাত লাখ। আগামী বছরের মার্চের মধ্যে সাত লাখ প্রিপেইড মিটার দেখতে চাই।’ প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সময়ে দর্শক সারি থেকে হাততালি দেওয়া হয়। তখন প্রতিমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘কে হাততালি দিয়েছে? আপনারা যাঁরা পিডিবিতে চাকরি করেন তাঁরা, নাকি গ্রাহকেরা?’ দর্শক সারি থেকে বলা হয়, পিডিবির লোকজন হাততালি দিয়েছেন। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘বুঝলাম না বিষয়টা। যাঁরা চাকরি করেন তাঁরা? এই পারফরম্যান্স দেখিয়ে তালি দিলেন?’

মতবিনিময় সভায় মাটির নিচে সাবস্টেশন, ট্রান্সফরমার ও কেব্‌ল স্থাপন প্রকল্প শুরু করতে দেরি হওয়া, প্রিপেইড মিটার প্রকল্পের ধীরগতি ও গ্রাহকসেবার নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মাটির নিচে সাবস্টেশন, ট্রান্সফরমার ও কেব্‌ল স্থাপন প্রকল্প বহুদিন আগের। বারবার বলে আসছি, আপনারা এক বছর ধরে হারিকেন দেখাচ্ছেন। বলে আসছেন কনসালট্যান্ট (পরামর্শক) নিয়োগ করছি। এভাবে চলবে না। আমি আর এ অবস্থা দেখতে চাই না। চট্টগ্রামে আগামী মাস থেকে কনসালট্যান্ট কাজ শুরু করবে। তিন মাসের মধ্যে ডিজাইন (নকশা) দেবে। না হলে এখানকার চিফ ইঞ্জিনিয়ারকে দেখে নেব। এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটার লাগানোর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেকশন (নির্দেশনা)। এতে আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ৫ শতাংশ সিস্টেম লস কমে যাচ্ছে। ৫ শতাংশ যায় কই? মানুষ কী বুঝবে? এই ৫ শতাংশ করাপশন (দুর্নীতি) হয়। আজকে এসেছি কথাগুলো বলার জন্য।’

পিডিবির গ্রাহকসেবা ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিডিবি অফিসে কোনো গ্রাহক সমস্যা নিয়ে ফোন করলে নির্বাহী প্রকৌশলী ধরেন। ইচ্ছে হলে তিনি কথা বলেন, না হলে বলেন না। কখনো তাঁর পিয়ন ফোন ধরেন। প্রতিমন্ত্রী বলেন, ‘যে কাস্টমার (গ্রাহক) আপনাকে বিল দিচ্ছেন, তাঁর সঙ্গে আপনার এই ব্যবহার? অথচ তাঁদের কাছ থেকে টাকা নিয়ে বেতন পাচ্ছেন আপনি। তাই গ্রাহকসেবা ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিতরণ কোম্পানি) ব্যবস্থা ঢেলে সাজানো দরকার।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস, পিডিবি বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রমুখ। পরে প্রতিমন্ত্রী আগ্রাবাদ, পাহাড়তলী, খুলশী ও স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করেন।