এক বছর ধরে মাঠেই চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একটি ভবন এক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে কয়েকটি শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। এই এক বছরে নতুন ভবন নির্মাণে কোনো উদ্যোগও নেওয়া হয়নি।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, চর পাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ১৯৩৮ সালে ৫২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টিতে বর্তমানে ৫১৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য বিদ্যালয়ে চার কক্ষের পুরোনো একটি একতলা ভবন, দুই কক্ষের একটি একতলা ভবন এবং চার কক্ষের একটি দোচালা ভবন রয়েছে। চার কক্ষের পুরোনো ভবনটি প্রায় এক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল হক। পাশাপাশি তিনি ওই ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা না করতে প্রধান শিক্ষকের কাছে চিঠি দেন। এর পর থেকে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণীর পাঠদান খোলা আকাশের নিচে করানো হচ্ছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জহর ফকির বলেন, নতুন ভবন নির্মাণের বিষয়ে স্থানীয় সাংসদ মির্জা আজম এবং উপজেলা নির্বাহী ও শিক্ষা কর্মকর্তাকে বহুবার বলা হয়েছে। তাঁরা সবাই আশ্বাস দিলেও নতুন ভবন নির্মাণের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রধান শিক্ষক আবুল বাশারসহ আরও কয়েকজন শিক্ষক বলেন, এই বিদ্যালয়ে একসঙ্গে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করাতে হয়। শ্রেণীকক্ষের অভাবে বাধ্য হয়ে তাঁরা বাইরে খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছেন। আকাশে মেঘ জমলেই শিক্ষার্থীদের ছুটি দিতে হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম বলেন, ‘সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদা কোনো বরাদ্দ সরকার থেকে দেওয়া হয় না। তার পরও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি, আমার বরাবরে ওই বিদ্যালয়ের প্রকল্পের একটি তালিকা পাঠাতে। আমি ওই প্রকল্পের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাব। সেই সঙ্গে অনুরোধ করব, আপাতত একটি টিনের দোচালা ঘর নির্মাণে বরাদ্দ দেওয়ার জন্য।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সামছুল হক বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশ পেয়েছি। আমি আজই (গত সোমবার) একটি প্রকল্প তৈরি করে পাঠিয়ে দিয়েছি।’