এক বছর ধরে সেতুর রেলিং ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের রহমতপুর সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এক বছর আগে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেতুর এক পাশের রেলিং ভেঙে যায়। এরপর ওই অংশ আর সংস্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বরিশাল ক্যাডেট কলেজ, বিমানবন্দর, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাস, মুলাদি উপজেলাসহ একাধিক এলাকার সড়কের গাড়ি রহমতপুর সেতু দিয়ে চলাচল করে। রেলিং ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ভাঙা অংশ বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়। গত বছর এক দুর্ঘটনায় এর দক্ষিণ পাশের রেলিং ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে কাজ করার সুযোগ ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংস্কার করার নির্দেশনা পাওয়ার পর একটি চাহিদাপত্র তৈরি করে পাঠানো হয়েছে।মহাসড়কের বাসচালক মো. মাসুদ বলেন, রেলিং ভেঙে থাকায় এই সেতু দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে অন্য গাড়িকে পাশ দিতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।রহমতপুর এলাকার বাসিন্দা আবদুল বারেক বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক ছাড়াও বিভিন্ন সড়কের কয়েক হাজার যানবাহন এ সেতু দিয়ে চলাচল করে। ব্যস্ততম এই সেতুটি ভাঙার সঙ্গে সঙ্গে সংস্কার করা উচিত ছিল। গাড়িচালক মনির হোসেন বলেন, দীর্ঘদিনেও সেতুটি সংস্কারের ব্যাপারে সওজের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী ভাঙা অংশ বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস বলেন, ‘রহমতপুর সেতুর রেলিং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দুই মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করা সম্ভব হবে।’