এক বছর না যেতেই যান চলাচলের অনুপযোগী
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক বছর যেতে না যেতেই সড়কের জগন্নাথপুর অংশের দুই কোটি টাকার সংস্কারকাজ নষ্ট হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকার সঙ্গে রশিদপুর হয়ে যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এটি। বর্তমানে সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্তের কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলার আড়াই লাখ মানুষ এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রী ছিক্কা গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, সঠিকভাবে সংস্কারকাজ হলে এক বছর যেতে না যেতেই এভাবে রাস্তার এ অবস্থা হওয়ার কথা নয়। এলজিইডির গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কের করুণ দশা হয়েছে। পত্রিকা বিক্রেতা নিকেশ বৈদ্য বলেন, এ সড়ক দিয়ে চলাচল করলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। বাসচালক মজিদ মিয়া বলেন, ‘ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাধ্য হয়েই চলাচল করতে হয়। সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না।’ উপজেলা এলজিইডির প্রকৌশলী কবির উদ্দিন শাহ বলেন, ‘গত বছর আমরা ওই সড়কে সংস্কারকাজ করেছিলাম। কাজে কোনো অনিয়ম হয়েছে কি না জানি না। কারণ তখন আমি এ উপজেলায় নতুন এসেছিলাম। শিগগিরই এ সড়কে টেন্ডার আহ্বান করা হবে।’