এক বছর না যেতেই সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের এক বছর যেতে না যেতেই সড়কের বেহাল দশা হয়েছে। অনেক স্থানে দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের মাঝ বরাবর বিটুমিন উঠে গেছে। বেরিয়ে এসেছে ইট। ঝুঁকি নিয়ে চলাচল করছে যান। এ চিত্র বরিশাল নগরের বটতলা থেকে বাংলাবাজার পর্যন্ত ৫০৮ মিটার রাস্তার। নগরবাসীর অভিযোগ, কাজ হয়েছে নিম্নমানের। সিটি করপোরেশনের দাবি, কাজ যথাযথ হয়েছে।বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বটতলা থেকে বাংলাবাজার পর্যন্ত সড়ক ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক নির্মাণের জন্য ৮৮ লাখ ৯৯ হাজার ৭৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। নগরের বটতলা থেকে বাংলাবাজার পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য ২০১০ সালের ১ মার্চ মেসার্স এস অ্যান্ড এন (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ২৯ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে। কিন্তু কিছু দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থান দেবে যেতে থাকে। গত এপ্রিল ও মে মাসে কয়েক দফা বৃষ্টিতে সড়কের অবস্থা আরও খারাপ হতে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই সড়কের এ হাল হয়েছে।সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব বলেন, বটতলা-বাংলাবাজার সড়ক নির্মাণে কমপ্যাকশন (ইট, বালু ভালোভাবে স্থাপন) কম হয়েছে। তা ছাড়া নিম্নমানের ইট ব্যবহার করায় তা পাউডার হয়ে বেরিয়ে আসছে। নগরের সব নর্দমার কাজও নিম্নমানের। কোনো কাজই ভালোভাবে করা হচ্ছে না।সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পৌরসভা থাকাকালে ওই সড়ক নির্মাণ করা হয়। তখন ইটের নিচে বালু ছিল না। ওই অবস্থায় তিন-চার ইঞ্চি কার্পেটিং করা হয়েছে। ইটের ওপর কার্পেটিং করার কারণে সড়ক দেবে গেছে। যেহেতু বহু আগের সড়ক, তাই পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন পড়েনি। নতুনভাবে সড়ক নির্মাণের জন্য বরাদ্দ ছিল না। কার্যাদেশে যেভাবে উল্লেখ ছিল, সেভাবেই কাজ করা হয়েছে।বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মুহাম্মদ আনিসুজ্জামান জানান, পুরোনো রাস্তার ওপর কার্পেটিং করা হয়েছে। নতুন যে অংশটি করা হয়েছে, সেখানে কোনো সমস্যা নেই। ঠিকাদার আবার ওই কাজ করে দেবেন।মেসার্স এস অ্যান্ড এন (জেভি)-এর ঠিকাদার মো. শাহীন বলেন, ‘নতুনভাবে করা সড়কের অংশে কোনো সমস্যা দেখা দেয়নি। কাজ করেছি ভাঙা খোয়া দিয়ে। কিন্তু দেবে যাওয়া অংশ থেকে আস্ত ইট বেরিয়ে আসছে। ওই অংশ পৌরসভা আমলে করা ছিল। আমরা শুধু কার্পেটিং করেছি। তারপরও আবার কাজ করে দেব।’