এক বছর পর নিখোঁজ শিশুর সন্ধান

রাজবাড়ীতে নিখোঁজ হওয়া চার বছরের শিশুকে এক বছর পর গত রোববার রাতে শহরের ভবানীপুর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মহসিন হোসেন ওরফে সোয়াদ (৪)। সে শহরের বিনোদপুর গ্রামের রেল কলোনির কুলিপট্টি এলাকার রানা আহমেদের ছেলে।
রানা আহমেদ শহরের একটি আবাসিক হোটেলের কর্মচারী। সোয়াদের ১১ মাস বয়সী আরও এক ভাই রয়েছে। নিখোঁজের ঘটনায় গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে সোয়াদের বাবা রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেন।
গত বছরের ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘১০ দিনেও খোঁজ মেলেনি শিশুটির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
শিশুটির বাবা রানা আহমেদ গতকাল সোমবার বলেন, গত বছরের ১৬ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল সোয়াদ। এরপর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গত ১৬ ফেব্রুয়ারি রাজবাড়ী থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিশেষ ট্রেন ছেড়ে যায়। ট্রেন ছেড়ে যাওয়া ও ফিরে আসার দিন তিনি শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করেন। মাইকিং শুনে রোববার রাতে এক ব্যক্তি শিশুটির সন্ধান দেন।
রানা আহমেদ জানান, রাজবাড়ী রেলস্টেশন থেকে রোকেয়া নামে এক নারী তাকে কুড়িয়ে পান। এরপর শিশুটি রোকেয়ার মায়ের কাছে ছিল। পেশায় ভিক্ষুক ওই নারী শিশুটি বোনের ছেলে পরিচয়ে রেখে দেন।