‘সর্বশেষ বৈঠকের একটি সিদ্ধান্তও বাস্তবায়িত হয়নি’
এক বছর পর পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক
এক বছর চার মাস পর আজ রোববার খাগড়াছড়ি জেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল চারটায় খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠেয় এ বৈঠকের মূল আলোচ্য পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি।এটি হবে বর্তমান সরকারের সময়ে পুনর্গঠিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকটি খুবই সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। সর্বশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে একটিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে।পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রথম খণ্ডের তিন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর মনোনীত সদস্যকে আহ্বায়ক এবং চুক্তির আওতায় গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতিকে সদস্য করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জুলাই মাসে সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক এবং খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে সদস্য করে কমিটি পুনর্গঠন করা হয়।পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আগের বৈঠকটি হয় রাঙামাটিতে। ওই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘আমরা চুক্তির প্রতিটি দফা ধরে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন পর্যায়ক্রমে অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।’১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি পাহাড়ে বিশাল প্রত্যাশার জন্ম দিলেও বিভিন্ন কারণে এর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।চুক্তি স্বাক্ষরের পর আওয়ামী লীগ সরকার সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে আহ্বায়ক করে চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করেছিল। বিগত জোট সরকারের আমলে চুক্তি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়নি। তারা তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করেছিল, যে কমিটির কোনো বিধান পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে নেই। তবে ওই কমিটি ১০টির মতো সভা করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়নি। তারা চুক্তি বাস্তবায়নের কিছু পদক্ষেপ নিয়েছিল। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। জনসংহতি সমিতির অভিযোগ, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করলেও চুক্তি বাস্তবায়নে মোটেও অগ্রগতি হয়নি।বিগত সভায় অবাস্তবায়িত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে প্রধান হচ্ছে ভূমি কমিশনের কার্যক্রম শুরু করা। কিন্তু ভূমি জরিপ না বিরোধ নিষ্পত্তি—কোনটি আগে, এ নিয়ে বিরোধের কারণে ভূমিবিরোধ নিষ্পত্তির কার্যক্রম থমকে গেছে। এ ছাড়া চুক্তির সঙ্গে ২০০০ সালে প্রণীত পার্বত্য চট্টগ্রাম ভূমি আইনের সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের সিদ্ধান্ত থাকলেও তা এখনো করা হয়নি। চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত অঞ্চল হিসেবে বিবেচনা করে তার বৈশিষ্ট্য সংরক্ষণ ও সার্বিক উন্নয়নের কার্যক্রম নিয়েও প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল। ওই বৈঠকে মত প্রকাশ করা হয়, সার্বিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করা হলেও পার্বত্য চট্টগ্রামের বিশেষ আঞ্চলিক বৈশিষ্ট্য সংরক্ষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যক্রম নেওয়া হয়নি। জনসংহতি সমিতি মনে করে, পরিস্থিতি এখনো একই রকম রয়েছে। অন্যদিকে সরকার বলে আসছে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে তারা আন্তরিক এবং এ বিষয়ে যথারীতি সবকিছু করা হবে।