এক বছর পর ফেরত এল ৬ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফেরত আসা ৬ জেলে। ছবি: প্রথম আলো
দেশে ফেরত আসা ৬ জেলে। ছবি: প্রথম আলো

মিয়ানমার থেকে এক বছর পর আজ সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে ছয় জেলেকে। তাঁরা কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফ সদরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ফেরত আসা জেলেরা হলেন আবদুল হামিদ (৩৭), ফজল আহমদ (৩৫), মোহাম্মদ হাশিম (২২), মোহাম্মদ সাদ্দাম (২২), মোহাম্মদ হোসাইন (৩৫) ও রশিদ উল্লাহ (৩২)।

২০১৬ সালের ৯ নভেম্বর সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগর থেকে নৌকাসহ ছয়জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

নৌকা মালিক নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের জোরালো প্রতিবাদ ও প্রক্রিয়ার কারণে জেলেরা এক বছরের মধ্যে ফেরত আসতে পেরেছেন। কারণ জেলেদের ধরে নিয়ে যাওয়ার পর প্রত্যেককে পাঁচ বছর করে সাজা দিয়েছিল সে দেশের আদালত।

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকালে টেকনাফ সদর সীমান্ত চৌকির সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধিদল মিয়ানমার যায়। সেখানে দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) প্রতিনিধি এই ছয় বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে। এরপর দুপুরে তাঁদের নিয়ে টেকনাফ সীমান্তচৌকিতে পৌঁছানোর পর জেলেদের টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, ফেরত আনা জেলেদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়ার কাজ চলছে।