এক বছর পর ভীতিকর পরিবেশের অবসান
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে এক বছর ধরে চলা দাঙ্গা-হাঙ্গামা, মামলা-পাল্টামামলা আর ভীতিকর পরিবেশের অবসান ঘটেছে। গত বুধবার বিকেলে বিবদমান দুই পক্ষ এক কাতারে এসে দাঁড়িয়েছে। সমঝোতার পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।পরে দুই পক্ষের নেতারা ঘোষণা করেন, এখন থেকে আর কোনো হানাহানিকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকার স্বার্থে সবাই হাতে হাত ধরে কাজ করবেন। এই উদ্যোগ উপজেলাজুড়ে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি ওই এলাকার সাধারণ মানুষ আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।এ ব্যাপারে বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ‘আশা করছি, এখন থেকে এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’বিহার ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘অশান্ত বিহার শান্ত হয়ে গেছে। এখন সবাই মিলেমিশে থাকার সিদ্ধান্ত হয়েছে।’শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার মানুষের চেয়েও আমি ছিলাম মহাবিচলিত। কখন যে কী খবর আসে, তা নিয়ে সব সময় উৎকণ্ঠায় থাকতে হয়েছে। এখন সেই পরিস্থিতি আর থাকল না।’এলাকাবাসী কয়েকজন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। একাধিকবার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ২০টি মামলা করে। পরিস্থিতি সামাল দিতে বিহার বাজারে প্রায় এক মাস সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়। অনেক ব্যবসায়ী মাসের পর মাস ভয়ে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে বিহার গ্রামের মানুষ নিজ পক্ষের লোক ছাড়া অন্যের বাড়িতে যাতায়াত, উঠবস ও চলাফেরা পর্যন্ত বন্ধ করে দেন। দীর্ঘদিন চেয়ারম্যানের সমর্থকেরা যেমন বিহার বাজারে যেতে পারেনি, তেমনি মোফাজ্জল হোসেনের লোকজন সহজ পথে এ সময় উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেনি। পুলিশ একাধিকবার উদ্যোগ নিয়েও সমঝোতা করতে ব্যর্থ হয়।এই অবস্থায় উপজেলা পরিষদের উদ্যোগে গত বুধবার বিহার উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, ইউএনও রবিউল ইসলাম, ওসি ফজলুল করিম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।