এক বছর পর মুক্ত আজিজের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের নেতা আবদুল আজিজের বাড়ির চারপাশে স্থানীয় সাংসদের তোলা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। গতকাল রোববার দুই দফায় পুরো দেয়ালটি ভেঙে ফেলা হয়। খুলে দেওয়া হয় আজিজের নির্মাণাধীন ঘরের তালা।
পাইকগাছার ইউএনও মো. ফকরুল হাসানের উপস্থিতিতে প্রথম দফায় গতকাল দুপুরে শ্রমিক দিয়ে শুধু যাতায়াতের রাস্তাটুকুর দেয়াল ভাঙা হয়। বিকেলে দ্বিতীয় দফায় বুলডোজার দিয়ে পুরো দেয়ালটি ভাঙা হয়।
ইউএনও ফকরুল হাসান বলেন, এটি অর্পিত সম্পত্তি এবং তা কাউকে ইজারা দেওয়া হয়নি। খুলনার জেলা প্রশাসকের নির্দেশে পুরো দেয়াল ভাঙা হয়েছে। আজিজের নির্মাণাধীন ঘরের তালাও খুলে দেওয়া হয়েছে। দেয়াল ভাঙার সময় কেউ বাধা দেয়নি বলে জানান তিনি।
২০১৬ সালের জানুয়ারি মাসে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজের বাড়ির চারপাশের ৫০ শতক জমি নিজেদের দাবি করে ১০ ফুট উঁচু দেয়াল তোলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ শেখ মো. নূরুল হক। এরপর থেকে আবদুল আজিজের পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বাইরে যাতায়াতের জন্য তাঁরা দেয়ালের নিচ দিয়ে করা সুড়ঙ্গ ও মই ব্যবহার করতেন। এ ছাড়া আজিজ তাঁর ঘরের পাশে আরেকটি আধা পাকা ঘর নির্মাণ করতে গেলে তাতেও তালা লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘আওয়ামী লীগ নেতার বাড়ির চারপাশে সাংসদের দেয়াল’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, অবশেষে কষ্টের অবসান হয়েছে। তবে সাংসদের লোকেরা হামলা চালাতে পারেন বলে
আশঙ্কা প্রকাশ করেছেন আবদুল আজিজের ছোট ছেলে মো. সাইফুল ইসলাম।
অন্যদিকে সাংসদ শেখ মো. নূরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। এমন সময় প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, তা কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন আছে।