এক বছর পর স্ত্রী দাবি!
বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছিল এক বখাটে ও তার সহযোগীরা এক বছর আগে। এক বছর পর নোটারি পাবলিকের মাধ্যমে কাবিননামা তৈরি করে ওই ছাত্রীকে স্ত্রী দাবি করেছে ওই বখাটে। পুলিশ, স্থানীয় লোকজন ও স্কুলছাত্রীর মায়ের করা মামলার এজাহারে জানা গেছে, উপজেলার হরিসেনা গ্রামের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) গত বছরের ১৩ জুন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে একই গ্রামের আবদুর রাজ্জাক সরদারের ছেলে সজীব সরদার ৮-১০ জন সহযোগী নিয়ে অপহরণ করেন। এ সময় তাঁরা ১৫০ টাকার দুটি সাদা স্ট্যাম্পে স্কুলছাত্রীর স্বাক্ষর নেন। পরে ১৪ জুন স্কুলছাত্রীর মা গৌরনদী থানায় মামলা করেন। গৌরনদী থানার পুলিশ ১৫ জুন দুপুরে অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার করলে ১৬ জুন ছাত্রীর পরিবার মামলা প্রত্যাহার করে নেয়। চলতি বছরের ৩০ মার্চ সজীব স্কুলছাত্রীর স্বাক্ষর নেওয়া স্ট্যাম্পে নোটারি পাবলিকের মাধ্যমে কাবিননামা তৈরি করেন। সম্প্রতি সজীব ওই ছাত্রীকে স্ত্রী বলে প্রচার চালান। ছাত্রীর মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে বিচার দাবি করেন। বিষয়টি নিয়ে সালিস বৈঠক বসায় সজীব ক্ষিপ্ত হয়ে সহযোগী নিয়ে স্কুলছাত্রীর বসতঘরে হামলা চালিয়ে লুটপাট করেন। স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৪ মে সজীব ও তাঁর সাত সহযোগীসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সজীব তাঁর সহযোগীদের নিয়ে নিজের বসতঘরের বেড়া ও জানালা ভেঙে স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের আসামি করে থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ অস্বীকার করে সজীব সরদার বলেন, ‘নোটারি পাবলিকের মাধ্যমে বৈধভাবে আমাদের বিয়ে হয়। সে আমার স্ত্রী। হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি জড়িত নই।’ সজীবের দাবি প্রত্যাখ্যান করে ওই স্কুলছাত্রী বলে, ‘সে একজন বখাটে। সে অনেক কিছুই বলতে পারে।’ গৌরনদী থানার উপপরিদর্শক অসিম কুমার সিকদার বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।