নারায়ণগঞ্জে গার্মেন্টসের স্টকলট ব্যবসায়ী আশিকুল ইসলাম আশিক হত্যাকাণ্ডের এক বছরেও খুনিদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। এতে হতাশ হয়ে মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ পোষণ করেছে নিহতের পরিবার।তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। মামলার বাদী নিহতের বড় ভাই ফাহিমুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর এক মাস যোগাযোগ রাখলেও তার পর থেকে আর কোনো যোগাযোগ করেনি পুলিশ। আশিক হত্যা মামলার দুই আসামি সিজার ও সিদ্দিক দেশেই আছেন। সিজার শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। মামলার অপর আসামি সিদ্দিক গাজীপুরে থাকেন। তিনি প্রায়ই নারায়ণগঞ্জে আসেন। আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। তাই তাঁরা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তার নিয়ে সন্দিহান ও হতাশ।অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহামঞ্চদ জানান, ব্যবসায়ী আশিক হত্যা মামলার আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি সিজার বিদেশে পালিয়ে গেছেন। এ ছাড়া মামলার অপর আসামি সিদ্দিকও এলাকাছাড়া। আসামিদের না ধরা পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেও ভিসেরা রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে কী দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যেত। তিনি বলেন, বাদী পক্ষের লোকজন তাঁদের সহায়তা করছেন না। তাঁরা তথ্য দিয়ে সহায়তা করলে তদন্তে অগ্রগতি হতো। ভিসেরা রিপোর্টের জন্য আবেদন করা হয়েছে।নূর মোহামঞ্চদ আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুই দিন পর আশিকের লাশ শনাক্ত করে তাঁর পরিবার। ময়নাতদন্তের রিপোর্টেও হত্যার বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। ময়নাতদন্তকারী কর্মকর্তারা মতামত দিতে পারেননি। তাঁরা ভিসেরা টেস্টের জন্য পাঠিয়েছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ১১ মে বুধবার রাতে ব্যবসায়ী আশিকুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে যান সন্ত্রাসীরা। দুই দিন পর শুক্রবার বিকেলে পুলিশ সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।