এক বছর পরেও কাজ শুরু হয়নি
কার্যাদেশ দেওয়ার প্রায় এক বছর পরেও নীলফামারী সদর-ডোমার সড়ক নির্মাণ ও সম্প্রসারণের কাজ শুরু হয়নি। সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গা হস্তান্তর না করায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। এতে এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার সাহা জানান, সড়কটি রোড নেটওয়ার্কিং ইম্প্রুভমেন্ট (আরএন আইএমপি) প্রকল্পের আওতায় করা হচ্ছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রায় এক বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছে। কার্যাদেশের শর্ত মতে তারা এ কাজটি করতে মোট সময় পাবে তিন বছর। ওই প্রকল্পের (আরএন আইএমপি) উপসহকারী প্রকৌশলী (এসডিই) রাশেদুল আলম বলেন, দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া, ফুলবাড়ী-পার্বতীপুর ও নীলফামারী সদর-বোদা পর্যন্ত তিনটি সড়কের মোট ৮১ কিলোমিটার অংশের কার্যাদেশ আবদুল মোমেন কনস্ট্রাকশনকে দেওয়া হয়েছে। এ জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু নীলফামারী সদর থেকে পঞ্চগড়ের বোদা পর্যন্ত ৫২ কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দেওয়ার কাজ শেষ হয়নি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানটি অন্য সড়কগুলোর কাজ প্রায় শেষ করলেও এই সড়কের কাজ শুরু করতে পারছে না।নীলফামারী কালেক্টরেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মইনুল হাসান বলেন, ওই সড়কের নীলফামারী জেলার সদর থেকে ডোমার পর্যন্ত অংশে প্রায় ২৬ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করতে প্রায় ৩৬ একর জমি অধিগ্রহণ ও সড়কের ওপর গাছ ও স্থাপনার ক্ষতিপূরণ নির্ধারণের কাজ শুরু করে ফিল্ডবুক (মাঠবই) তৈরি করা হয়। পরে ওই কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসক তদন্ত করলে এর সত্যতা পাওয়া যায়। জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন বলেন, প্রথম ফিল্ডবুকে (মাঠবই) নয় লাখ গাছ ও দুই-তিনটি বহুতল ভবনের তালিকা করা হয়েছিল। কিন্তু ওই তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি গ্রুপ যে তালিকা করেছে তাতে গাছ পাওয়া গেছে ৩০ হাজার। আর বহুতল ভবন পাওয়া যায়নি। তিনি বলেন, এখন জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দরটি জেলার গণপূর্ত বিভাগের কাছে পাঠানো হয়েছে। অধিগ্রহণের কাজ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জায়গা হস্তান্তর করা যাবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক জয়নাল আবেদীন সিদ্দিকী বলেন, ‘বোদা থেকে নীলফামারী পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার সড়ক নির্মাণ ও সম্প্রসারণের প্রয়োজনীয় জায়গা হস্তান্তর না হওয়ায় আমরা কাজ শুরু করতে পারছি না।’ তিনি বলেন, তিন বছরের সময় দিয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০১১ সালে কার্যাদেশের মেয়াদ শেষ হবে।