দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র কঠিন শিলাখনি মধ্যপাড়ায় এক বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এর আগে কখনোই এত দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া প্রধান উৎপাদন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ পুনঃস্থাপন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খনি কর্তৃপক্ষ আগামী নভেম্বরে পাথর উত্তোলন শুরুর সম্ভাবনার কথা বললেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো নিশ্চয়তা দিতে পারছে না। পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতি মাসে খনির লোকসান হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। ইতিমধ্যে পেট্রোবাংলার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি টাকা। উত্তোলন বন্ধ থাকায় খনিশ্রমিকেরাও মানবেতর জীবন যাপন করছেন।
খনি সূত্র জানায়, উত্তর কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় সে দেশেরই ঠিকাদারি প্রতিষ্ঠান নামনাম মধ্যপাড়া কঠিন শিলাখনির বাস্তবায়নের কাজ শুরু করে। ২০০৭ সালের ২৫ মে খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়। চুক্তির শর্ত অনুযায়ী তিন শিফটে পাথর উত্তোলনের কথা থাকলেও বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনির উৎপাদন, সংরক্ষণ ও পরিচালনার দায়িত্বভার নেওয়ার পর এক শিফটের বেশি পাথর উত্তোলন করতে পারেনি।
সূত্রটি জানায়, লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পর খনির উৎপাদন বৃদ্ধি ও একে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব বেলারুশের জেএসসি ট্রেস্ট সকটোস্ট্রয় ও বাংলাদেশের প্রতিষ্ঠান জার্মানিয়া করপোরেশন লিমিটেডের সমন্বয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে (জিটিসি) দেওয়া হয়। তারা ওই বছরের ২৪ ফেব্রুয়ারি পাথর উত্তোলন শুরু করে। অল্প দিনের মধ্যে পাথর উত্তোলন তিন শিফটে উন্নীত করা সম্ভব হয়। কিন্তু উত্তোলনকাজে ব্যবহৃত পুরোনো যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় উত্তোলনযোগ্য নতুন খনিমুখ উন্নয়ন করা আর সম্ভব হয়নি। এ অবস্থায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর থেকে পাথর উত্তোলন বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় খনি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় সাত লাখ টন পাথর মজুত ছিল। তবে স্থানীয়ভাবে পাথরের ব্যাপক চাহিদা থাকায় তিন মাসের মধ্যেই ওই মজুত শেষ হয়ে যায়।
উত্তোলন বন্ধের আগে জিটিসি ২০১৪ সালের ডিসেম্বরে প্রায় ১৪৪ কোটি টাকার খনিসংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানির জন্য পেট্রোবাংলাকে চাহিদাপত্র দেয়। ওই সময় যন্ত্রপাতিসহ অন্যান্য মালামালের দাম ও উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে জিটিসির সঙ্গে খনি কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দেয়। পরে খনির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পেট্রোবাংলার হস্তক্ষেপে গত বছরের সেপ্টেম্বরে ৮৫ কোটি টাকার যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়। জিটিসির অনুকূলে খোলা হয় ৩৬টি ঋণপত্র (এলসি)। চলতি বছরের মার্চের মধ্যে ৩০টি এলসির মাধ্যমে যন্ত্রপাতি আসার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে পারেনি। তবে এ পর্যন্ত মূল খননযন্ত্র রেইজ বোরিং মেশিনসহ ২১টি এলসির মালামাল খনিতে এসে পৌঁছেছে। আর চারটি এলসির যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর ও একটি এলসির যন্ত্রপাতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদামঘরে (ওয়্যার হাউস) পড়ে আছে।
২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি পেট্রোবাংলা ও জিটিসির মধ্যে উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনাসংক্রান্ত ১৭১ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় জিটিসি ৬ বছরে তিন শিফটে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করবে। দায়িত্ব লাভের পর এ পর্যন্ত উত্তোলন করেছে ১১ লাখ ৯২ হাজার মেট্রিক টন পাথর।
এক বছর পাথর উত্তোলন বন্ধ থাকায় খনিতে কর্মরত প্রায় ৬০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিক রেজওয়ান আলম ও শাকিল আহমেদ বলেন, খনি বন্ধ থাকায় তাঁরা সবাই কষ্টে আছেন। অবিলম্বে উৎপাদন চালুর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কবে নাগাদ খনি আবার উৎপাদনে যাবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের কাজ থেমে নেই, রক্ষণাবেক্ষণ চলছে। আরও নতুন শ্রমিক নেওয়া হচ্ছে। শ্রমিকদের সমস্যার বিষয়টি সম্পর্কে আমরা সচেতন রয়েছি।’
তবে খনির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম বলেন, আমদানি করা বেশির ভাগ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ খনির অভ্যন্তরে ও উপরিভাগে স্থাপন করা হয়েছে। অবশিষ্ট যন্ত্রপাতি আমদানি শেষে খনিতে স্থাপনের পর আগামী নভেম্বরের প্রথম দিকে পাথর উত্তোলন শুরু করা সম্ভব হবে।