পার্বত্য চুক্তির ভিত্তিতে ১৯৯৮ সালে ‘ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স’ পুনর্গঠন করে সরকার। সংঘাতের কারণে আশি ও নব্বইয়ের দশকের শুরুতে ভারতে চলে যায় পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর হাজারো মানুষ। এ ছাড়া হাজারো পরিবার অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসনে কিছু পদক্ষেপ নেওয়া ছাড়া গত ২০ বছরে টাস্কফোর্সের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। এ ছাড়া এখন পর্যন্ত অভ্যন্তরীণ উদ্বাস্তুদের তালিকা চূড়ান্ত করতে পারেনি টাস্কফোর্স।
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমে অচলাবস্থার কারণে শরণার্থী এবং উদ্বাস্তুদের পুনর্বাসন সম্ভব হচ্ছে না বলে পাহাড়ি সমাজের নেতারা মনে করেন। টাস্কফোর্সের কার্যালয় খাগড়াছড়িতে। নয় সদস্যের এই টাস্কফোর্সের বর্তমান চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। এই টাস্কফোর্সের সর্বশেষ সভা হয় গত বছরের ২৭ ডিসেম্বর।
টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ উদ্বাস্তুদের একটি তালিকা তাঁরা করেছেন। তালিকাটি যাচাই-বাছাইয়ের জন্য পার্বত্য এলাকার প্রতিটি উপজেলায় সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে টাস্কফোর্স সেভাবে কাজ করতে পারছে না।
টাস্কফোর্সের একটি সূত্র জানায়, অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারের সংখ্যা ৫০ হাজারের বেশি হতে পারে।
পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তিকে ঘিরে ২০১৬ সালে জনসংহতি সমিতি (জেএসএস, সন্তু লারমা) থেকে প্রকাশিত একটি স্মরণিকায় বলা হয়, ভারত প্রত্যাগত ১২ হাজার ২২২ পরিবারের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ৭৮০ পরিবার ধানের জমি, বাগান-বাগিচা, বাস্তুভিটা ফেরত পায়নি।
ভারত প্রত্যাগত শরণার্থীদের একজন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উত্তর মিলনপুর গ্রামের প্রিয় জ্যোতি দেওয়ান। তিনি বলেন, তাঁর বাবা প্রীতিশ্বর চাকমার নামে উপজেলার কবাখালী ইউনিয়নে সাড়ে পাঁচ একর জমি ছিল। এখন পর্যন্ত ওই জমির দখল তাঁরা পাননি। জমি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তাঁরা।
উত্তর মিলনপুর গ্রামের আরেক শরণার্থী সুরেশ চাকমা বলেন, ২০০৭ সাল পর্যন্ত তাঁরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছিলেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তাঁদের ২৮ পরিবারকে জেলা পরিষদ এবং সেনাবাহিনী পুনর্বাসন করে। প্রতিটি পরিবারকে পাঁচ শতক জায়গার ওপর ঘর করে দেওয়া হয়। এ ছাড়া প্রায় তিন একর করে জমি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই জমি এখনো কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। টাস্কফোর্সের লোকজন এ বিষয়ে এখন কিছু বলছেন না।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, ২০১৬ সালে চুক্তির বিষয়ে তাঁদের যা মূল্যায়ন ছিল, এখনো তা-ই রয়েছে। সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। পার্বত্য চুক্তির পরও পাহাড়িদের ওপর হামলার ঘটনা বন্ধ হয়নি।
টাস্কফোর্সের কার্যক্রমে গতিশীলতা নেই বলে জানান পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বকুল চন্দ্র চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, এর মূল কারণ প্রশাসনের আন্তরিকতার অভাব। ভারত প্রত্যাগত শরণার্থীরা জমি ফেরত পায়নি, চাকরি ফেরত পায়নি, ঋণের টাকা মওকুফ পায়নি। অভ্যন্তরীণ উদ্বাস্তুরাও মানবেতর জীবন যাপন করছে।