মাত্র পাঁচজন চিকিৎসক ও দুজন সেবিকা দিয়ে চলছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কক্সবাজারের উপকূলীয় এ দ্বীপের বাসিন্দাদের।শুধু চিকিৎসক-সংকট নয়, টেকনিশিয়ানের অভাবে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে বন্ধ। তাই দ্বীপের বাসিন্দাদের সাগর পাড়ি দিয়ে সদরে এসে চিকিৎসা করাতে হচ্ছে। আর যাদের সামর্থ্য নেই, তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালের জুনে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু সেই অনুপাতে চিকিৎসক, সেবিকা, কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। সূত্র জানায়, হাসপাতালটিতে চিকিৎসকের ২৮টি পদের বিপরীতে মাত্র পাঁচজন এবং ১৪টি পদের বিপরীতে দুজন সেবিকা রয়েছেন। কোনো শল্যচিকিৎসক না থাকায় অস্ত্রোপচার বন্ধ রয়েছে অনেক বছর ধরে। সমপ্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। কিন্তু তাদের চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন মাত্র দুজন চিকিৎসক।হাসপাতালে চিকিৎসা নিতে আসা পানিরছড়া এলাকার বাসিন্দা ওসমান গনি বলেন, এক্স-রে করাতে তাদের দ্বীপের বাইরে কক্সবাজার সদরে যেতে হচ্ছে।ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলার বাসিন্দা নুরুল কবির জানান, হাসপাতালে প্রসূতিসেবা নেই। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি রোগীদের সদর হাসপাতালে পাঠিয়ে দেন।হাসপাতালের প্রধান সহকারী আবদুল মান্নান বলেন, উপজেলার প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন এই হাসপাতাল। কিন্তু চিকিৎসকেরা এখানে বেশি দিন থাকছেন না। তাঁরা তদবির করে ভালো জায়গায় বদলি হয়ে যান। গত এক বছরে ওই হাসপাতাল থেকে আটজন চিকিৎসক অন্যত্র বদলি হয়ে গেছেন। এ ছাড়া প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তিনি দুই মাস পর বদলি হয়ে যান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, চিকিৎসক ও সেবিকা-সংকটের কারণে হাসপাতাল চালাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, চিকিৎসকেরা গ্রামাঞ্চলে থাকতে না চাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শূন্য পদগুলোতে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।