এক বছরে এইডসে মারা গেছে ৩৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত এক বছরে এইডসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছে। একই সময় নতুন করে আরও ৩৪৩ জন এইচআইভি সংক্রমিত ও ২৩১ জন এইডসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য দেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর এইডস দিবসের প্রতিপাদ্য: ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে এইডস রোগী প্রথম শনাক্ত হয় ১৯৮৯ সালে। সেই থেকে আজ পর্যন্ত দেশে এইচআইভি সংক্রমিত দুই হাজার ৮৮ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে এইডস রোগী ৮৫০ জন। এ পর্যন্ত এইডসে মারা গেছে ২৪১ জন।অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আখতার বলেন, এইচআইভি সংক্রমণ হলেই যে মৃত্যু হবে—বিষয়টি এমন নয়। এইচআইভি/এইডস আক্রান্ত মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে। তারা এ রোগ প্রতিরোধে সৈনিক হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) খন্দকার মো. সিফায়েত উল্লাহ। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দীন আহমেদ, বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্থার আরকেন বক্তব্য দেন। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।