এক বছরে এক বিদ্যালয়ের ২৬ ছাত্রীর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের কারণে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কমছে। গত এক বছরে এ বিদ্যালয়ের ২৬ জন ছাত্রীর বিয়ে হয়েছে। অসচেতনতা ও সংসারে অভাব থাকায় অনেক মা-বাবা তাঁদের মেয়েকে কম বয়সে বিয়ে দিচ্ছেন।জানা গেছে, গুরুদাসপুর উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ধানুড়া গ্রাম। ওই গ্রামে দুই হাজার ২১৩ জন মানুষের বাস। অধিকাংশই দিনমজুর। নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৯৫ সালে এই গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এখন ১৭৫ জন ছাত্রী লেখাপড়া করে সেখানে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মার্চ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠ-দশম শ্রেণীর ২৬ জন ছাত্রীর বিয়ে হয়েছে। তারা এখন বিদ্যালয়ে আসে না। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর দুজনের বিয়ে হয়েছে তিন মাস আগে। তাদের বয়স যথাক্রমে ১২ ও ১৩ বছর।জানা গেছে, জেএসসি পরীক্ষার সাত দিন আগে বিয়ে হয়েছে এক ছাত্রীর। ওই ছাত্রীর বাবা দাবি করেন, তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার পথে অনেক ছেলে উত্ত্যক্ত করত। ভালো পাত্র পাওয়ায় বিয়ে দিয়েছেন।ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয়েছে দুই মাস আগে। তাঁর বাবা পেশায় দিনমজুর। তিনি বলেন, ‘মেয়ে বড় হয়েছে। সচ্ছল পরিবার থেকে সম্পর্ক (বিয়ের প্রস্তাব) এসেছে, তাই পাত্র হাতছাড়া করতে পারিনি। যৌতুকও দিতে হয়নি।’ বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা কোনো সমস্যা নয়।শিক্ষকেরা জানান, এই বছর নবম শ্রেণীতে ২৮ জন ছাত্রী নিবন্ধন করেছিল। কিন্তু এসএসসি পরীক্ষা দেবে মাত্র ১১ জন। তাদের মধ্যে তিন ছাত্রীর বিয়ের কথা চলছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম জানান, এলাকার অভিভাবকেরা দরিদ্র। অভাব আর অশিক্ষার কারণে তাঁরা তাঁদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। বিনা মূল্যে লেখাপড়া করার সুযোগ ও শিক্ষা সফরে পাঠানোর প্রলোভন দেখিয়ে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করানো হয়। কিন্তু ভর্তির পর থেকেই অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দেওয়া শুরু করেন।স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, অভিভাবকদের অসচেতনতা, অশিক্ষা আর দরিদ্রতার কারণে বাল্যবিবাহের ঘটনা বাড়ছে। সর্বশেষ ১০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার্থী সাজেদার (১৫) বাল্যবিবাহ হয়। এ নিয়ে ১১ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।প্রধান শিক্ষক আরও জানান, বাল্যবিবাহ বন্ধ করতে বছরের শুরুতেই মা, অভিভাবক ও বার্ষিক সমাবেশের আয়োজন করা হয়। সাময়িকভাবে অভিভাবকেরা বাল্যবিবাহ না দেওয়ার পক্ষে মতামত দিলেও পরে তা আর মনে রাখেন না। বিদ্যালয় ছুটির সময় কিংবা আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে অনেক অভিভাবক তাঁদের মেয়েদের বিয়ে দেন।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বাল্যবিবাহের কারণে অনেক মেয়ে অপরিণত বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এ ছাড়া অপরিণত বয়সে মা হলে অনেকেই পুষ্টিহীনতা ও রক্তশূন্যতায় ভোগে।চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম জানান, জন্মসনদ ছাড়াই কাজি বাড়তি সুবিধা নিয়ে এসব বাল্যবিবাহ পড়িয়ে থাকেন। তা ছাড়া অভাব, অশিক্ষা, অসচেতনতাও বাল্যবিয়ের অন্যতম কারণ। এনিয়ে মাঝেমধ্যে উঠান বৈঠক করেও বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না।চাপিলা ইউনিয়নের কাজি আশরাফ আলী দাবি করেন, তিনি জন্মসনদ ছাড়া কোনো বিয়ে পড়ান না। অভিভাবকেরা মাওলানাদের দিয়ে বিয়ে পড়িয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠান। তাঁরা বিয়ে নিবন্ধনও করান না।