এক বছরে খুন পাঁচ শিক্ষার্থী, সন্দেহ সমবয়সীদের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে গত এক বছরে খুন হয়েছে পাঁচ শিক্ষার্থী। সহপাঠী ও সমবয়সীদের সঙ্গে বিরোধের জেরেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ও পরিবারের ধারণা। বিরোধের উৎপত্তি আবার তুচ্ছ বিষয় নিয়ে।

পুলিশ বলছে, পারিবারিক শিক্ষা ও নজরদারির অভাবে এসব হত্যাকাণ্ড ঘটছে, যা বিচ্ছিন্ন ঘটনা। তবে এমন ঘটনা রোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ‘কাউন্সেলিং’ করার উদ্যোগ নেবে পুলিশ।

গত বছরের ২৮ জানুয়ারি খুন হন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ ওরফে শাকিল (১৮)। পরিবারের করা মামলায় যাঁদের দিকে সন্দেহের তির ছোড়া হয়েছে, তাঁরা মুহতাসিমের সমবয়সী ও বন্ধু। তাঁরা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

১৩ আগস্ট শহরের নয়াপাড়া এলাকার তরুণ জনম (১৮) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। কথা-কাটাকাটির জের ধরে সমবয়সী কয়েক তরুণ তাঁকে কুপিয়ে হত্যা করেন বলে পরিবারের অভিযোগ। জনম শহরের একটি স্কুল থেকে এসএসসি পাস করে পলিটেকনিক কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন।

২২ জুন সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় গুলিতে তৌহিদুল ইসলাম ওরফে তরু (১৭) নিহত হয়। তরুসহ কয়েকজন সেখানে এক বন্ধুর বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। তখন ভেতর থেকে গুলির আওয়াজ আসে। অভিভাবকেরা গিয়ে তরুর গুলিবিদ্ধ লাশ পান। পুলিশ বলছে, নারীঘটিত বিরোধের জেরে বন্ধুর গুলিতে প্রাণ যায় তৌহিদুলের।

২২ নভেম্বর ময়মনসিংহ শহরের রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামান ওরফে লিয়ন ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় লিয়নের দুই সহপাঠীসহ সমবয়সী পাঁচজনের নামে মামলা হয়। এ হত্যাকাণ্ডের নেপথ্যেও নারীঘটিত বিরোধ ছিল বলে পুলিশের ধারণা।

২৩ ডিসেম্বর শহরের নতুনবাজার এলাকায় ছুরিকাঘাতে খুন হয় ইশতিয়াক আহমেদ ওরফে তন্ময় (১৭)। সে শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশের ভাষ্য, একটি মুঠোফোন নিয়ে বিরোধের জেরে ইশতিয়াককে খুন করে সমবয়সীরা।

আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, এসব অনাকাঙ্ক্ষিত খুনের ঘটনার জন্য দরকার কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি। অভিভাবকদের উচিত, সন্তান কার সঙ্গে মিশছে তার খোঁজখবর রাখা। পাশাপাশি আইনও সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, এসব খুনের ঘটনার তদন্ত সাপেক্ষে পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। তিনিও মনে করেন, শুধু আইন প্রয়োগ করে এমন ঘটনা এড়ানো কঠিন। পুলিশ সুপার বলেন, ‘স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আমরা পুলিশের পক্ষ থেকে খুব দ্রুত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করব।’