এক বছরে চাল, আটা ও পেঁয়াজের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এর মধ্যে চাল, আটা ও পেঁয়াজের দাম বেড়েছে গড়ে ৩০ শতাংশের বেশি। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জরিপে এই তথ্য জানা গেছে।ক্যাব সূত্রে জানা যায়, গত এক বছরে চালের দাম বেড়েছে ২৩ দশমিক ১৮ শতাংশ, আটা ২৯ দশমিক ৫৫ শতাংশ, ভোজ্যতেল ১৮ দশমিক ১৩ শতাংশ, পেঁয়াজ ৪২ দশমিক ৩৭ শতাংশ এবং মাংস ১২ দশমিক ১৬ শতাংশ। শুধু ডালের দাম ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে। গতকাল সোমবার ক্যাবের একটি প্রতিনিধিদল বাণিজ্যসচিব গোলাম হোসেনের সঙ্গে বৈঠক করে পণ্যমূল্যের এই চিত্র তুলে ধরেন।বৈঠকে বাণিজ্যসচিব বলেন, একশ্রেণীর অসাধু সুযোগ-সন্ধানী ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছে। তবে সরকার তাৎক্ষণিকভাবে পরিস্থিতির মোকাবিলা করছে। তিনি সরকারের পাশাপাশি ভোক্তা প্রতিনিধিদেরও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।বৈঠকে পণ্যের ঊর্ধ্বগতি ও অনিয়ম রোধে ভোক্তা অধিকার আইনটির ত্রুটি সংশোধনের দাবি জানানো হয়। বাণিজ্যসচিব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট রোধে প্রতিযোগিতামূলক নীতি ও আইন পাস এবং কার্যকর করা, টিসিবিকে ঢেলে সাজানো, পাইকারি ব্যবসায়ীদের দ্বৈত ভূমিকা রোধ, অযৌক্তিক মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ, জনবান্ধব বাজার নীতি গ্রহণ করা এবং মজুদ আইন সংশোধনের দাবি জানান।বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি কাজী ফারুক, কর্মকর্তা আহম্মদ একরামুল্লাহ, উদয় চ্যাটার্জি ও শামসুজ্জোহা।