এক বছরে চালবোঝাই দশ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর থেকে চাল নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পথে গাজীপুরে গত এক বছরে ১০টি ট্রাক ছিনতাই হয়েছে। এই ছিনতাই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।শেরপুর জেলা চাল আড়তদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যবসায়ীরা অংশ নেন। আড়তদার সমিতি ও ট্রাক মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর থেকে প্রতিদিন শতাধিক চালবোঝাই ট্রাক রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে যায়। কিন্তু পথে এসব ট্রাকের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে গাজীপুর জেলার কয়েকটি পয়েন্টে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দুর্বৃত্তরা গভীর রাতে সড়ক অবরোধ করে অস্ত্রের মুখে ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পরে গভীর জঙ্গলে চালক ও চালকের সহকারীদের হাত-পা বেঁধে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে ট্রাকে থাকা চালসহ ট্রাকের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়। গাজীপুর ছাড়াও বিভিন্ন স্থানে ছিনতাইয়ের শিকার হচ্ছে শেরপুরের চালবোঝাই ট্রাক।সূত্র জানায়, সর্বশেষ গত শুক্রবার ঢাকার বাড্ডা এলাকায় চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০২৭৭) ছিনতাই হয়। এর চালক মুন্তাজ আলী ও চালকের সহকারী সুলতান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক বছরে গাজীপুরেই ১০টি ট্রাক ছিনতাই হয়। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।শেরপুর আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সভাপতি ফারুক হোসেন বলেন, ট্রাকশ্রমিকেরা আতঙ্ক নিয়ে ট্রাক চালান। তিনি অভিযোগ করেন, প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শেরপুরের বাইরে ঘটছে। তাই আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ঢাকা রেঞ্জের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি নিয়ে গতকাল জেলা ট্রাক মালিক সমিতি, চালকল মালিক সমিতি, চাল আড়তদার ব্যবসায়ী সমিতি ও আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে বলে তিনি জানান।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিয়টি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই প্রতিরোধে কয়েকটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে।