নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গত এক বছরে নিহত হয়েছেন ছয়জন। এর মধ্যে শুধু উপজেলার চরকিং ইউনিয়নেই মারা গেছেন পাঁচজন। পাশের ইউনিয়ন চরঈশ্বরে মারা গেছেন একজন। সর্বশেষ তিনটি হত্যাকাণ্ড ঘটে মাত্র ১৫ দিনের (গত ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিল) মধ্যে। দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে গত এক বছরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় ৪৬টি মামলা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজন হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলীর অনুসারী। বাকি দুজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারী। এর মধ্যে মহিউদ্দিনের ছোট ভাই যুবলীগের কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিনও রয়েছেন।
হাতিয়া আওয়ামী লীগে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আলী। তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌস হাতিয়ার বর্তমান সাংসদ। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। মহিউদ্দিন চরকিং ইউনিয়নেরও চেয়ারম্যান।
গত বছরের ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাতিয়ার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই নৌকা প্রতীক পান মহিউদ্দিনের অনুসারীরা। একটিতে মোহাম্মদ আলীর অনুসারী নৌকা প্রতীক পান। এতে ক্ষিপ্ত হয়ে বাকি ছয় ইউনিয়নে মোহাম্মদ আলী তাঁর অনুসারীদের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করান বলে অভিযোগ রয়েছে। নির্বাচনে মোহাম্মদ আলীর অনুসারী তিন বিদ্রোহী প্রার্থীসহ চারজন জয়ী হন। চরঈশ্বর, জাহাজমারা ও তমরুদ্দী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হন। এ ছাড়া বুড়িরচর ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া মোহাম্মদ আলীর অনুসারী প্রার্থী জয়ী হন। মহিউদ্দিন নিজে চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। সোনাদিয়া ও নিঝুম দ্বীপেও তাঁর অনুসারীরা জেতেন।
দলীয় সূত্র জানায়, ইউপি নির্বাচনের পর চরকিং অশান্ত হয়ে ওঠে। চলতে থাকে দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। গত বছরের ১৭ এপ্রিল থেকে সর্বশেষ চলতি বছরের ১৩ এপ্রিল পর্যন্ত এক বছরে চরকিং ইউনিয়নেই হামলা, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পাঁচজন। আর একই সময়ে পার্শ্ববর্তী চরঈশ্বর ইউনিয়নে মারা যান আরও একজন।
আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বাবা জিয়াউল হক ২৯ বছর চরকিং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনিও প্রায় ৩০ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে তাঁদের পরিবারকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। এ জন্য তিনি সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে দায়ী করেন। তাঁর দাবি, ইউনিয়নে মোহাম্মদ আলীর পক্ষের যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই জনরোষের শিকার হয়ে মারা গেছেন। আর তাঁর ভাইসহ যে দুজনকে হত্যা করা হয়েছে, তা ছিল পরিকল্পিত।
একের পর এক হত্যাসহ সহিংস ঘটনা। এর শেষ কোথায়? এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, স্থানীয়ভাবে এর সমাধান সম্ভব নয়। দলের কেন্দ্রীয় নেতারা যদি উদ্যোগী হন, সে ক্ষেত্রে হয়তো সমাধান হতে পারে।
এ বিষয়ে সাবেক সাংসদ মোহাম্মদ আলী অভিযোগ করেন বলেন, মহিউদ্দিনদের পরিবারের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ হাতিয়ার মানুষ। চরকিং ও চরঈশ্বর ছাড়া হাতিয়ার কোথায়ও তাঁদের কোনো অবস্থান নেই। চরকিংয়েও মানুষকে প্রতিবাদী হয়ে উঠতে দেখে তাঁরা হত্যার রাজনীতি শুরু করেছেন বলে তিনি অভিযোগ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, চরঈশ্বর ও চরকিং ইউনিয়নে হত্যা, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৪৬টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় গড়ে আসামি ৪০-৫০ জন করে। সর্বশেষ দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আসামির সংখ্যা ১৬০ জন ও ২০২ জন।