ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ৯৮ জন চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৩৫৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
২০১৬ সালে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তারা ভবিষ্যতে পূর্ণ নিরাপত্তার দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের সদিচ্ছা থাকলে চলতি বছর হতাহতের সংখ্যা অনেক কম হতো বলে তাঁরা মত দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস বলেন, ২০১৬ সাল ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বছর। তাঁর দাবি, নির্যাতনের কারণে বহু হিন্দু পরিবার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি, মঠ-মন্দির ও প্রতিমা ভাঙচুর, মন্দিরের রথের জায়গা দখল করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের সামনেই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর যে তাণ্ডব চালানো হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
সংবাদ সম্মেলনে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার চিত্র তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। হতাহতের ঘটনা ছাড়াও ১ হাজার ১০৯ জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যার হুমকি পেয়েছেন, ১৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে, ৮ জন কারাগারে আটক হয়েছেন, ৯৯ জন চাঁদাবাজি, মারধর বা নির্যাতনের শিকার হয়েছেন। লুটের ঘটনা ঘটেছে ১৬৫টি, নিখোঁজ হয়েছেন ২২ জন, ১৩টি বসতঘর ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ২১০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, ১৪১টি মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৬ জন ধর্ষণ ও ৪ জন গণধর্ষণের শিকার হয়েছেন, ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, সরকার ও প্রশাসনের সদিচ্ছা থাকলে এভাবে মানবাধিকার লঙ্ঘিত হতো না।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রভাস চন্দ্র রায়, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, সহসভাপতি ডিসি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।