এক বছরে পদ্মার গর্ভে ১০ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে গত এক বছরে শরীয়তপুরের তিনটি উপজেলার ১০টি বাজার বিলীন হয়ে গেছে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ওই সব বাজারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে জেলায় ব্যাপক নদীভাঙন হয়। প্রতিবছরের আগস্ট ও সেপ্টেম্বরে ভাঙন বেশি হয়। গত বছরের আগস্ট থেকে এ বছরের আগস্ট পর্যন্ত শরীয়তপুরের ১০টি বাজারের প্রায় সাড়ে ৮০০ দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বাজারের কিছু ব্যবসায়ী ব্যবসাপ্রতিষ্ঠান অন্য স্থানে সরিয়ে নিয়েছেন। অনেক ব্যবসায়ী জায়গা না পেয়ে ব্যবসা ছেড়ে দিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নদীগর্ভে বিলীন হওয়া বাজারগুলো হলো নড়িয়া উপজেলার চণ্ডীপুর, সুরেশ্বর লঞ্চঘাট, ওয়াপদা বাজার, সাধুর বাজার, জাজিরা উপজেলার পালের চর বাজার, খাজুরতলা বাজার, দুর্গার হাট বাজার, ভেদরগঞ্জ উপজেলার স্টেশন বাজার, গৌরাঙ্গ বাজার ও চেয়ারম্যান স্টেশন বাজার। নৌপথে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরে যাতায়াতের লঞ্চঘাটে এসব বাজার গড়ে উঠেছিল।
সরেজমিনে দেখা গেছে, সুরেশ্বর লঞ্চঘাট, পালের চর বাজার, গৌরাঙ্গ বাজার ও চেয়ারম্যান স্টেশন বাজারের কিছু ব্যবসায়ী সড়কের পাশে দোকান খুলে ব্যবসা করছেন। আর ভাঙনের পর জায়গা না পেয়ে দুর্গার হাট বাজার, খাজুরতলা বাজার, ওয়াপদা বাজার, চণ্ডীপুর বাজার, সাধুর বাজার ও স্টেশন বাজার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
দুর্গার হাট বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘আমার সংসারে কোনো অভাব ছিল না। এ বছর আমার বসতবাড়ি, ফসলি জমি, দোকান—সব পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন রাস্তার ফকির হয়ে গেলাম। রাস্তার ওপর আশ্রয় নিয়েছি।’ সুরেশ্বর বাজারের ব্যবসায়ী দুলাল সরদার বলেন, ‘লঞ্চঘাটের বাজারটি বিলীন হওয়ার পরে রাস্তার ওপর দোকান খুলেছি। এখানে আগের মতো ব্যবসা হয় না। পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না-খেয়ে বেঁচে আছি।’
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘নদীভাঙনের কবল থেকে বাজার রক্ষা করার কোনো বরাদ্দ আমার কার্যালয়ে নেই। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’