এক বছরে পাওয়া গেল সাত বন্য হাতির মৃতদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ বুধবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের ভেরিভেরি গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

এ নিয়ে এক বছরে বন বিভাগ ঝিনাইগাতী-শ্রীবরদী গারো পাহাড় সীমান্তে সাতটি হাতির মৃতদেহ উদ্ধার করলো। এর আগে এ বছরের ৫ জুলাই ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রাম থেকে একটি, ১ মে একই উপজেলার উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে একটি, গত বছরের ১২ আগস্ট ও ১৮ অক্টোবর হালুয়াহাটি ও হালচাটি গ্রাম থেকে দুটি এবং ওই বছরের ৬ ও ৮ অক্টোবর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রাঙাজান ও বালিজুড়ী গ্রামের ধান খেত থেকে দুটি হাতির মৃতদেহ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা ।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার এক হাজার গজ অভ্যন্তরে ঝিনাইগাতী উপজেলার ভেরিভেরি এলাকার একটি মাঠে কয়েকজন রাখাল পচা ও দুর্গন্ধযুক্ত একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের গজনী বিটের কর্মকর্তা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।

শেরপুরের বন কর্মকর্তা মো. মামুনুর রশীদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, হাতিটি মাদি। বয়স ২০ থেকে ২৫ বছর। হাতিটি আনুমানিক এক সপ্তাহ আগে মারা যাওয়ায় পচে-গলে দুর্গন্ধ বের হয়েছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগের প্রবল বৃষ্টিতে পাহাড়ের পিচ্ছিল মাটিতে পড়ে গিয়ে হাতিটি আঘাত পায় এবং পরে মারা যায়। ময়নাতদন্তের পর এটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।