এক বছরে পুলিশের বিরুদ্ধে ৪০ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গত এক বছরে ৪৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে পুলিশ সদস্যদের হাতে নির্যাতনের শিকার হন ৪০ জন। বাংলাদেশ মহিলা পরিষদ দেশের ১০টি দৈনিক পত্রিকা পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, এই সংখ্যাটি পূর্ণাঙ্গ নয়। থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও হয়রানির শিকার হন নারীরা। সেই সব খবর সব সময় পত্রিকায় আসে না।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য ও প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে খুন, যৌতুকের দাবিতে নির্যাতন, নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আছে। এর বাইরে বিভিন্ন সভা-সমাবেশে নারীর ওপর হামলা, আসামিকে ধরতে না পেরে পরিবারের নারী সদস্যের ওপর হামলার অভিযোগ আছে।
নির্যাতনের শিকার কয়েকজন নারীর স্বজন বলেছেন, আসামি পুলিশ হওয়ায় বিচারের জন্য তাঁদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। কেউ কেউ বিচার চেয়ে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেন।
জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কখনো কখনো অতিরিক্ত করে বসে।’ তিনি বিরোধী দলে থাকা অবস্থায় পুলিশ কীভাবে তাঁদের দলের নারী নেত্রীদের ওপর হামলা করেছিল, তারও উল্লেখ করেন।
বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশ হামলা করে। এ সময় নারী কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়টি আবারও সামনে আসে। এর মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক যৌন হয়রানির ঘটনাকে কয়েকজন তরুণের ‘দুষ্টামি’ বলে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
গতকাল বুধবার রাতে যোগাযোগ করা হলে আইজিপি প্রথম আলোকে মুঠোফোন বার্তায় বলেন, তিনি এখন মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন।
স্ত্রীকে খুন ও নির্যাতন: গত বছর কমপক্ষে দুটি হত্যাকাণ্ডে পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর একটি রাজবাড়ীতে, অন্যটি সীতাকুণ্ডে।
১ মার্চ রাজবাড়ী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মর্জিনা খাতুনের লাশ নকশিকাঁথা মেইল ট্রেনের বগিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মর্জিনার স্বামী পুলিশ কনস্টেবল মামুন মোল্লা ঘটনার পরপর সংবাদমাধ্যমকে বলেছিলেন, মর্জিনাকে একদল দুর্বৃত্ত হত্যা করে ট্রেনে ফেলে গেছে। কিন্তু মর্জিনার দিনমজুর বাবা শুক্কুর মণ্ডল মামুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রেল পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন খুনের কথা শিকারও করেন। একই সঙ্গে টাকাপয়সা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। মর্জিনার স্বজনেরা জানান, বছর পেরোলেও আদালত তাঁদের একবারও ডাকেনি। তাঁরা সুবিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন। মামুন এখন জেলে।
সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবল কৃষ্ণ দে গত বছরের ৯ সেপ্টেম্বর তাঁর স্ত্রী শিল্পী দে-কে যৌতুকের দাবিতে হত্যা করে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এই হত্যা মামলায় এখন তিনি কারাগারে।
স্ত্রীকে নির্যাতনের মামলায় বর্তমানে জামিনে রয়েছেন দিনাজপুর পুলিশ লাইনের কনস্টেবল আবুল বাশার প্রামাণিক। বাশারের সদ্য সাবেক স্ত্রী দিনাজপুরের আয়শা ছিদ্দিকা ৯ মার্চ নীলফামারী থানায় করা মামলার এজাহারে বলেন, দিনাজপুরে নিয়ে গিয়ে বাশার যৌতুক ও নানা অজুহাতে নির্যাতন চালান। একপর্যায়ে মানহানিকর ছবি তুলতে বাধ্য করেন এবং এই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। গত মঙ্গলবার আয়শার ভাই আবু সাইয়েদ মোহাম্মদ নাছিরী প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি মামলা তুলে নিতে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তাঁদের হত্যার হুমকি দিয়েনে।
জানতে চাইলে বাশার বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন, মিথ্যা।’
আরেক নারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতেন। ইয়াবার ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি। এ নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে তিনি লিখিত অভিযোগও জানিয়েছেন। প্রাণের ভয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে এলেও তিনি ও তাঁর একমাত্র সন্তানকে নানাভাবে শাসাচ্ছেন স্বামী।
ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর স্বজন এ প্রতিবেদককে জানান, ‘বিষয়টি আমাদের পরিবারের সবাই জানে। আমরা ওকে (ওই নারীকে) সাবধানে থাকতে বলেছি।’
রাজনৈতিক কর্মসূচিতে পুলিশি নির্যাতন: ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের বেধড়ক মারপিটের শিকার হন কদমতলী থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভিন সুলতানা। পারভিন দীর্ঘদিন হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন।
কদমতলী থানা বিএনপির সভাপতি মীর হোসেন মীরু প্রথম আলোকে বলেন, ‘পারভীন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য পল্টনে গিয়েছিল। পুলিশ তার ওপর নির্যাতন করে এবং মামলা দেয়। সে সময় পল্টন থানায় আমরা অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলাম, পারিনি।’
জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অপরাধ দমন করতে গিয়ে কাউকে হয়রানি করার নির্দেশ আমি দিতে পারি না।’
গত বছরের ১৬ অক্টোবর ভাইকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় সাতকানিয়া থানার পুলিশ সাজুয়ারা বেগমের পায়ে গুলি করে বলে অভিযোগ করে পরিবার। সাজুয়ারাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাজুয়ারার পা কেটে ফেলা হয়। সে সময় পুলিশের তরফ থেকে সাজুয়ারার পায়ে গুলি করার অভিযোগ অস্বীকার করা হয়।
পুলিশের দাবি, সাজুয়ারার ভাই শিবিরের কর্মী। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে সাজুয়ারা আরও কয়েকজনকে নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালান।
অভিযোগ আরও: গত বছরের ২০ মে সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে যায় পুলিশের একটি দল। আসামি ছুটে নদী সাঁতরে ভারতীয় সীমান্তে চলে গেলে ক্ষুব্ধ পুলিশ এলাকাবাসীর ওপর লাঠিপেটা করে। ওই সময় কয়েকজন নারী শ্রমিক পুকুর কাটার কাজ করছিলেন। হইচই শুনে কাজ ফেলে ঘটনাস্থলে গেলে পুলিশ তাঁদের বেধড়ক পিটুনি দেয়। এদের তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দেয়।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, আসামি ধরতে বাধা দেওয়ার কারণে ধস্তাধস্তি হয়েছিল।
এ ছাড়া ঢাকার ফকিরাপুলে অন্তঃসত্ত্বা এক নারীসহ দুই পোশাককর্মীকে পেটানো, ঠাকুরগাঁওয়ে এক নারীকে বিয়ের পর বৈবাহিক সম্পর্ক অস্বীকার করা, জয়পুরহাটে একজন উপপরিদর্শকের গুলিতে একজন নারী আহত হওয়ার অভিযোগ রয়েছে। ঢাকায় আনসার বাহিনীর হাতে সাংবাদিক নির্যাতন, একজন সেনা কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, গাইবান্ধায় র্যাবের এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে দিয়ে তদন্ত করানো হয়। এ কারণে অপরাধ প্রমাণিত হয় না।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ ও সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহম্মদ)