এক বছরে পোশাক কারখানায় উন্নতি দেখতে পাবেন ক্রেতারা: দীপু মনি
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন দেখতে চান বাণিজ্য অংশীদারেরা। আর আগামী এক বছরে ক্রেতারা কর্মপরিবেশের গুণগত পরিবর্তন দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলির কাছে এ আশাবাদের কথা জানিয়েছেন। ওয়াশিংটনে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একই দিন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন এম বার্ক।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীর এসব বৈঠকের খবর জানিয়েছে।
জোসেফ ক্রাউলির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তাই কারখানার কর্মপরিবেশের উন্নতির লক্ষ্যে সরকার এ খাতের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছে। মন্ত্রিসভায় সম্প্রতি বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর সংশোধনী অনুমোদন করা হয়েছে, যা সংসদের আগামী বাজেট অধিবেশনে উঠতে যাচ্ছে।
দীপু মনি বলেন, শ্রমিকদের কল্যাণের প্রক্রিয়া ও কর্মপরিবেশের উন্নতির লক্ষ্যে ন্যায়সংগত মজুরি দেওয়া ও ক্রেতাদের দায়িত্ব পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ।
তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড ও সাভারের রানা প্লাজা ধসের বিয়োগান্তক ঘটনার পর সরকার ত্রুটিপূর্ণ কারাখানার ভবনগুলো খুঁজতে একটি সমীক্ষা চালাচ্ছে বলে জোসেফ ক্রাউলিকে জানান দীপু মনি। এ ছাড়া, ভবন নির্মাণ ও অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও তিনি জানান।
দীপু মনি আশা প্রকাশ করেন, এক বছরের মধ্যে বাংলাদেশের বাণিজ্য অংশীদারেরা পোশাক কারখানার কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
এদিকে, বিভিন্ন শ্রমিকনেতার বিরুদ্ধে করা মামলার অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর কাছে খোঁজ নেন জোসেফ ক্রাউলি।