এক বছরে বিএনপির ৩১০ জন খুন-গুম হয়েছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, গত এক বছরে বিএনপির ৩১০ নেতা-কর্মী খুন ও গুম হয়েছেন। তিনি বলেন, দেশে এখন আর কেউ নিরাপদ নন। দিনদুপুরে প্রকাশ্যে একের পর এক খুন-গুম হচ্ছে। সর্বশেষ নারায়ণগঞ্জে পাঁচজনকে একসঙ্গে গুম করা হয়েছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছে না।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ সব কথা বলেন।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা ও গুম-খুনের প্রতিবাদে গতকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। দলটি আগামী ৪ মে সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করবে।
মির্জা ফখরুল বলেন, তাঁদের দলীয় তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি থেকে ১৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সারাদেশে বিএনপির ২৭২ জন নেতাকর্মীকে পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। এ ছাড়াও এখন পর্যন্ত ২৫ জন নিখোঁজ। সব মিলিয়ে ৩১০ জন জন নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এই সরকার। তিনি বলেন, অপহরণের পর কারও লাশ পাওয়া গেছে, আবার কারও লাশ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের দলীয় ক্যাডারের মতো কাজ করছে। তারা মানুষের নিরাপত্তা না দিয়ে কেবল বিরোধী দল দমন-পীড়নে ব্যস্ত আছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। বর্তমান দেশের পরিস্থিতিকে কেবল মধ্যযুগীয় সমাজের সঙ্গে তুলনা করা যায়। তিনি বলেন, ভোটারবিহীন একতরফা নির্বাচন করে সরকার ক্ষমতায় আছে। আন্দোলনের মাধ্যমেই এদের পদত্যাগ করতে বাধ্য করতে হবে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে গুম-খুন বন্ধ হবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান, আবদুস সালাম, আসাদুজ্জামান, খায়রুল কবির, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।