এক বছরে বিএসএফের গুলিতে ১৪ বাংলাদেশি নিহত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে নোয়াখালীর সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী জানান, বিএসএফ কর্তৃক ১ জানুয়ারি ২০০৯ থেকে এযাবত্ মোট ১৪ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিডিআর-বিএসএফের বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে এবং এ ধরনের হত্যা বন্ধ করার জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে।সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এর একটি স্থায়ী সমাধানের কার্যক্রম চলমান রয়েছে। ২০৫৬ জন অভিযুক্ত: সাংসদ সালমা ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি, অসদাচরণ, শৃঙ্খলা ভঙ্গ ও অন্যান্য অপরাধে ২০০৮ ও ২০০৯ সালে দুই হাজার ৫৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের চাকরিচ্যুত, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, বেতন কাটা, পদাবনতি, ব্লাক মার্কসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, দুর্নীতি, অসদাচরণ, শৃঙ্খলা ভঙ্গ ও অন্যান্য অপরাধে ২০০৮ ও ২০০৯ সালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে চার হাজার ২৩৬টি অভিযোগ পুলিশ সদর দপ্তরে জমা পড়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা প্রায় ৭৩ হাজার। বিল উত্থাপন: প্রশ্নোত্তর পর্ব শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান চার্টার্ড সেক্রেটারিজ বিল, ২০১০ সংসদে উপস্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরপর সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।