এক বছরে শেষ হবে চার লেনে উন্নীত করার কাজ: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার প্রকল্পটির চারটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের কাজ সেনাবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে গাজীপুরে এসে মন্ত্রী এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক ও জনপথের ডাকবাংলোতে অবস্থানকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ‘কাজ করলে সমালোচনা হবে। সমালোচনাটা আমার খুব কাজে লাগে। সমালোচনা হলে আমরা সংশোধন হতে পারি। সমালোচকেরা আমার বড় বন্ধু।’এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (সড়ক বিভাগ) এম এ এন সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহামঞ্চদ মাসুদ, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে। তবে মাওনা ও সালনায় রেলপথের ওপর দুটি ওভারপাস নির্মাণসহ চারলেনের সামগ্রিক কাজ শেষ করতে ১৮ মাস সময় লাগবে। তিনি বলেন, এ জন্য বরাদ্দও বাড়াতে হচ্ছে। আগের বরাদ্দের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ ৬০০ কোটি টাকার বেশি অর্থের প্রয়োজন হবে। কাজের মান ভালো হলে খরচ বাড়লেও কোনো ক্ষতি নেই। এর আগে মন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকা ও প্রকল্পের ক্যাম্প স্থাপনের কাজ পরিদর্শন করেন।