এক বছরে সরকারের ক্ষতি ২৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা দফায় দফায় হরতাল-অবরোধ এবং নাব্যতাসংকট ও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত এক বছরে ৩০ কোটি টাকার অধিক রাজস্ব আয় কম হয়েছে।
এর মধ্যে হরতাল-অবরোধ এবং বিরোধী দলের কর্মসূচি বাস্তবায়ন ঠেকাতে সরকারের ‘অঘোষিত অবরোধের’ কারণে গত এক বছরে এই দুই ঘাটে রাজস্ব বাবদ মোট ২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথটি দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম পথ। প্রতিদিন এই নৌপথ দিয়ে চার হাজার থেকে সাড়ে চার হাজারের মতো যানবাহন ফেরি পারাপার হয়ে থাকে। এ বাবদ দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাট থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন বিআইডব্লিউটিসির মোট রাজস্ব আদায় হয় গড়ে ৪৬ থেকে ৪৮ লাখ টাকার মতো। কিন্তু হরতাল বা অবরোধের মতো কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি পারাপারের সংখ্যা অস্বাভাবিক হারে কমে আসে। শুধু হরতাল-অবরোধের আওতামুক্ত জরুরি কিছু যানবাহন পারাপার বাবদ উভয় ঘাট থেকে মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো রাজস্ব আয় হয়ে থাকে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের রেজিস্টার থেকে জানা গেছে, গত বছরের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত হরতাল ও অবরোধের কারণে ৫৮ দিন, নাব্যতাসংকটে ১৭ দিন এবং ঘন কুয়াশার কারণে নয় দিন মিলিয়ে মোট ৮৪ দিন ফেরি চলাচল ব্যাহত হয়।
সূত্রমতে, হরতাল-অবরোধের কারণে প্রতিদিন এই পথে প্রায় ৪০ লাখ টাকার মতো রাজস্ব আয় কম হয়েছে। সে হিসাবে গত এক বছরে হরতাল-অবরোধের ৫৮ দিনে রাজস্ব আয় কম হয়েছে ২৩ কোটি ২০ লাখ টাকা। ১৭ দিন নাব্যতাসংকটের কারণে স্বাভাবিকের অর্ধেক বা তারও কমসংখ্যক যানবাহন পারাপার হওয়ায় রাজস্ব আয় এক-তৃতীয়াংশ কমে গিয়ে প্রায় তিন কোটি টাকায় দাঁড়ায়। এ ছাড়া নয় দিন ঘন কুয়াশায় ১০ থেকে ১২ ঘণ্টা করে ফেরি বন্ধ থাকায় রাজস্ব আয় কম হয়েছে প্রায় দুই কোটি টাকা। এর বাইরেও গত বছর হেফাজতে ইসলামের ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এবং সম্প্রতি বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঠেকাতে সরকারের অঘোষিত অবরোধের কারণেও বেশ কয়েক দিন নামমাত্র যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধ এবং নাব্যতাসংকট ও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তবে কখনোই সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। এর মধ্যেও কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে ফেরি সার্ভিস ঠিক রাখার চেষ্টা করেছে। তবে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে সংস্থার রাজস্ব আয় অনেক কম হয়েছে। এক দিনের হরতাল-অবরোধে এই পথে ৩৮ থেকে ৪০ লাখ টাকার রাজস্ব আয় কম হয়। এ ছাড়া নাব্যতাসংকট ও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত বা বন্ধ থাকলে আনুপাতিক হারে রাজস্ব আয় কমে যায় বলে তিনি জানান।