>

পরিচয় যা-ই হোক, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে গেলে, সিগন্যাল অমান্য করলে, অবৈধ পার্কিং করলে ব্যবস্থা নেওয়া হবে
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়ে পুলিশের ট্রাফিক বিভাগ গত এক বছরে ১০ হাজার হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। গতকাল বুধবার নগরীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দদূষণ ও হাইড্রোলিক হর্ন বন্ধে করণীয়’ নিয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, হাইড্রোলিক হর্নের অননুমোদিত ব্যবহার কমে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়।
কমিশনার আছাদুজ্জামান বলেন, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান দেদার হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে। সাধারণ হর্নের তুলনায় হাইড্রোলিক হর্নে অনেক গুণ বেশি শব্দ হয়। এসব যানবাহন শহর ও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হাইড্রোলিক হর্নের শব্দে ঘুম থেকে মানুষ আঁতকে ওঠে। এই হর্ন রাস্তার পাশে থাকা হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুতর শব্দদূষণ ঘটায়। এই হর্নের শব্দ এক কিলোমিটার দূরে পর্যন্ত শব্দদূষণ করে।
হাইড্রোলিক হর্ন বাজানোর পেছনে গাড়িচালকদের অজ্ঞতা, গাড়ির মালিকের নিয়ন্ত্রণহীনতা, যত্রতত্র হর্ন কেনাবেচা, গাড়ির বিরুদ্ধে অভিযান কম হওয়া, শাস্তির পরিমাণ কম হওয়া, সতর্কতামূলক রোড সাইন কম থাকা, প্রশিক্ষণের ঘাটতি ইত্যাদি বিষয় নজরে আনেন ডিএমপি কমিশনার।
রাজধানীতে রাতে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহন হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে। ডিএমপির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে ডিএমপির ট্রাফিক বিভাগ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ক্ষেত্রে নগরবাসী, চালক, মালিক, হর্নবিক্রেতা, প্রস্তুতকারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।
ডিএমপির কমিশনার বলেন, ‘আমি মনে করি ট্রাফিক ব্যবস্থার টেকসই উন্নতির জন্য ধাপে ধাপে এগোতে হবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের একটু সময় দেন। গত এক বছরে যতটুকু অগ্রগতি হয়েছে, আরও এক বছরের মধ্যে ট্রাফিক আইন ভঙ্গের অপতৎপরতা ও অভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, উল্টো পথে গাড়ি চলা, মোটরসাইকেলে তিনজন যাত্রী ওঠা, হেলমেট ব্যবহার না করা—এসব নিয়ে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করায় ট্রাফিক আইন ভঙ্গ অনেকটা কমে এসেছে। নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে গত এক বছরে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তাতে অনেক ক্ষেত্রে সফলতা এসেছে। তিনি বলেন, পরিচয় যা-ই হোক, ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তথাকথিত প্রভাবশালী মহল এখনো উল্টো পথে গাড়ি চালাতে চায়। এতে পুলিশ বাধা দিলে তাদের নাজেহাল করার অপপ্রয়াস লক্ষ করা যাচ্ছে। পরিচয় যা-ই হোক, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে গেলে, সিগন্যাল অমান্য করলে, অবৈধ পার্কিং করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কয়েক সপ্তাহ আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টো পথে চলতে পারবেন না। যদি তাঁরা আইন অমান্য করেন তাহলে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
যানজটকে রাজধানীর প্রধান সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, একদিকে প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম, অন্যদিকে উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি। রিকশার আধিক্য, ইউটিলিটি কাজের জন্য রাস্তা কেটে ফেলাসহ বহু কারণে যানজট প্রকট আকার ধারণ করেছে। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন হলে যানজট ভয়াবহ আকার ধারণ করে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে অনেকেই ট্রাফিক সিগন্যাল মানতে চায় না। আইন মেনে সুশৃঙ্খলভাবে কেউ গাড়ি চালাতে চায় না। কেউ পদচারী-সেতু ব্যবহার করতে চায় না। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো হয়। ওয়ানওয়ে রোড মানে না, উল্টো পথে গাড়ি চালিয়ে যানজটকে ভয়াবহ আকারে নিয়ে যাওয়া হয়। এখানে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা দরকার।