এক বছরে ১১৩৪ জনকে রাষ্ট্রপতির আর্থিক অনুদান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে এক হাজার ১৩৪ জনকে ও ৩৬টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছেন।এর মধ্যে প্রায় ২০০ জন বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক ব্যক্তি রয়েছেন কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। এ দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসন থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান। রাষ্ট্রপতি হওয়ার পর ওই আসনে এখন তাঁর ছেলে সাংসদ নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুরের সাংসদ নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নপর্ব টেবিলে উপস্থাপন হওয়ায় কোনো সম্পূরক প্রশ্নের সুযোগ ছিল না।সংসদে দেওয়া তথ্য অনুসারে, ১৪ মাসে রাষ্ট্রপতি ৬৭ লাখ ৩৩ হাজার টাকা অনুদান দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় জন বিভাগ কর্মচারী কল্যাণ সমিতি দুই লাখ টাকা এবং বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুই দফায় দুই লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। ব্যক্তি খাতে সর্বোচ্চ এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তবে গড়ে সাধারণ নাগরিকেরা তিন থেকে পাঁচ হাজার টাকা রাষ্ট্রপতির অনুদান পেয়েছেন।একটি বাড়ি একটি খামার প্রকল্প: নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পটি দেশের এক হাজার ৯২৮টি ইউনিয়ন এবং নয় হাজার ৬৪০টি গ্রামে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ইউনিয়ন ও গ্রাম নির্বাচনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রাজধানীর মশক নিয়ন্ত্রণে ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মশক নিয়ন্ত্রণ কাজের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডকে চারটি অংশে ভাগ করে কাজ করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এবং মশক নিবারণী দপ্তর যৌথভাবে মশক নিয়ন্ত্রণ কাজ পরিচালনা করছে।