এক বছরে ১২ ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে ছেড়ে আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই হওয়া তেলবোঝাই ট্রাকটি ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে দুপচাঁচিয়ার ট্রাক ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই এভাবে ঝুঁকি না নিয়ে ট্রাকের ব্যবসা বন্ধ করে ট্রাক বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।ব্যবসায়ীরা জানান, বগুড়ার দুপচাঁচিয়া চালের অন্যতম বড় মোকাম। এ মোকাম থেকে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। গত এক বছরে চাল ও গমবোঝাই করে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পথে ১২টি ট্রাক ছিনতাই হয়েছে। পরে খালি ট্রাক উদ্ধার হলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ছাড়া ছিনতাই যাওয়া ট্রাকের দুই চালককে নির্মমভাবে খুন করা হয়েছে। এই অবস্থায় ট্রাক ব্যবসায়ী ও ট্রাকচালক সমিতির নেতারা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত জুলাইয়ে আন্দোলনে নামেন। তাঁরা মোকাম থেকে ট্রাক চলাচল বন্ধ করেন ও বগুড়া-নওগাঁ সড়কে মানববন্ধন করেন। কিন্তু পুলিশ ব্যবসায়ীদের দাবি না মেনে উল্টো তাঁদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ হামলা চালায়। এতে চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে সহকারী পুলিশ সুপার মতিউর রহমান দাবি পূরণের আশ্বাস দিলে ব্যবসায়ীরা আন্দোলনের কর্মসূচি তুলে নেন।এদিকে গত ৩ অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে তেলবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬১০৩) দুপচাঁচিয়া উপজেলায় আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর-কিউট এলাকায় ছিনতাই হয়। ট্রাকের মালিক দুপচাঁচিয়ার রফিকুল ইসলাম ৫ অক্টোবর সোনারগাঁ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরিভুক্ত করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে ১১ অক্টোবর মামলাটি এজাহারভুক্ত করে। মামলার পাঁচ দিন অতিবাহিত হলেও ট্রাক ও তেলের কোনো সন্ধান পায়নি পুলিশ।দুপচাঁচিয়া উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শামছুদ্দিন আহম্মেদ বলেন, গত এক বছরে ১২টি মালবোঝাই ট্রাক ছিনতাই এবং দুজন ট্রাকচালক খুন হয়েছেন। বিভিন্ন থানায় মামলাও হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ট্রাক ছিনতাইয়ের সিন্ডিকেটকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এমনকি ট্রাক ছিনতাইয়ের পর ট্রাকের মালিকেরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাঁদের বিভিন্নভাবে হয়রানি করেছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ট্রাকব্যবসায়ীরা। এর মধ্যে কয়েকজন ব্যবসায়ী তাঁদের ট্রাক বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছেন।এ বিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর মাতবর মুঠোফোনে বলেন, মামলার তদন্ত চলছে। বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।