গত এক বছরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদের ওপর নির্মিত সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র ১২ বার আহ্বান করা হয়েছে। ১৩তম দরপত্রটি গত বৃহস্পতিবার খোলা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে তিন কোটি ১৩ লাখ টাকায় মেসার্স বান্ধব ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১২ সালের ১০ অক্টোবর থেকে ২০১৩ সালের ৯ অক্টোবর পর্যন্ত এক বছরের জন্য ওই সেতুর টোল আদায়ের ইজারা পায়। এক বছরের মধ্যে ওই প্রতিষ্ঠানটি এক কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি এক কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেনি ওই প্রতিষ্ঠান। ইজারা নেওয়ার সময় ওই প্রতিষ্ঠানটি এনসিসি ব্যাংকের কুষ্টিয়া শাখা থেকে ৭৮ লাখ ২৫ হাজার টাকার নিশ্চয়তাপত্র দেয়। পরে সওজ কর্তৃপক্ষ ব্যাংকের ওই শাখায় খোঁজ নিয়ে জানতে পারে, নিশ্চয়তাপত্রটি ভুয়া। এরপর ২০১৩ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া সওজের তৎকালীন কর্মকর্তা সায়মা আখতার বাদী হয়ে এনসিসি ব্যাংকের ওই শাখার দুজন কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা করেন।
সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে কুষ্টিয়া সওজ তাদের তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীরা ওই সেতুর টোল আদায় করে আসছেন। তবে অভিযোগ রয়েছে, সেতুর টোলে যে টাকা আদায় হয়, তার সবটুকু জমা হয় না। সওজের কর্মকর্তা-কর্মচারীরা রেখে দেন।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, ‘একবার বেনামে লিখিত একটি অভিযোগ পেয়েছিলাম। সেখানে (টোল প্লাজা) সব সময় পাহারা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া বাংলাদেশের েপ্রক্ষাপটে একটু এদিক-সেদিক হয়ে থাকতে পারে। মাঝে যশোর কার্যালয় থেকে একবার অডিট হয়েছিল। আবার করা হবে। প্রতিদিনের টাকা পরের দিন সরকারি কোষাগারে জমা করা হয়। কোনো অনিয়ম করা হয় না।’
টোল আদায়ের পাশাপাশি দরপত্র আহ্বানের কাজও চালিয়ে যাচ্ছে সওজ। ২০১৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের ২৭ এপ্রিল পর্যন্ত ১২ বার দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা পড়লেও কোনো ঠিকাদার ইজারা পান না। গত ১৫ জুলাই ঢাকা সড়ক ভবন থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, ১২তম দরপত্রটি বাতিল করা হয়েছে। পুনরায় দরপত্র আহ্বানের কথা বলা হয় চিঠিতে।
নাম প্রকাশ না করার শর্তে সওজের এক কর্মকর্তা বলেন, ২০১২-১৩ বছরে পাওয়া ইজারাদার জেদের বশে বেশি টাকায় ইজারা নিয়েছিলেন। বর্তমানে দরপত্রগুলোতে ওই টাকার চেয়ে কম টাকা দর দিচ্ছেন ঠিকাদারেরা। যে কারণে ঠিকাদারদের দেওয়া ইজারার কাগজপত্র ঢাকায় পাঠালে সেটি গ্রহণ করে না। ওই কর্মকর্তা জানান, ২০০৯-১০ অর্থবছরে দুই কোটি ১০ লাখ ও ২০১০-১১ বছরে দুই কোটি ৭৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। ১২তম দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার আজগর আলী বলেন, দুই কোটি ৮০ লাখ দর দেওয়ার পরও ইজারা পাওয়া যাচ্ছে না।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি জেলা সমন্বয় সভায় তুলবেন।