এক বছরে ১৭ খুন, পুলিশের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ
যশোরের মনিরামপুরে গত এক বছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানবাধিকার কর্মীসহ ১৭ জন খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হলেও অনেক বাদীর অভিযোগ পুলিশের নির্লিপ্ততার কারণে অনেক আসামি ধরা পড়েনি; উদ্ঘাটিত হয়নি হত্যার উদ্দেশ্য। এর মধ্যে পুলিশ এযাবৎ একটি মামলার অভিযোগপত্র দিতে পেরেছে।মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চালুয়াহাটি গ্রামের দফাদারপাড়ার বজলুর রহমানের মেয়ে মুর্শিদা গত বছরের ১৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ২১ ফেব্রুয়ারি রাতে হরিদাশকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকাশচন্দ্র সাহাকে দুর্বৃত্তরা তাঁর বাড়ির পাশের একটি মাঠে কুপিয়ে হত্যা করে। ২৩ ফেব্রুয়ারি রাতে হোগলাডাঙ্গা মোড়ে ছিনতাইকারীদের হাতে খুন হন অভয়নগরের মোটরসাইকেল চালক নূর মোহাম্মদ। ২৮ ফেব্রুয়ারি সকালে দোদাড়িয়া গ্রামের জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। আমিনপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে রবিউল ইসলামের ক্ষতবিক্ষত লাশ ৫ মার্চ একটি গমের খেত থেকে উদ্ধার করা হয়। ভরতপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র সোহানুর রহমান নিখোঁজ হওয়ার পর ১২ মে বাড়ির পাশের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রত্নেস্বরপুর গ্রামের বিকাশ রায়ের স্ত্রী সাথীকে ২৬ মে শ্বাসরোধে হত্যা করা হয়। ১১ জুন রাতে হাজরাকাটি-বেলতলা গ্রামের আবদুল হাই গাজীর শিশুপুত্র আবু হুরায়রাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। রত্নেস্বরপুর গ্রামের নিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম নিখোঁজ হওয়ার তিন দিন পর ১৬ জুন একটি পাটের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর গ্রামের বিধবা জাহানারাকে ১ আগস্ট রাতে শ্বাসরোধে হত্যা করা হয়। মশ্বিমনগরের কাঁঠালতলা গ্রামের আমজাদ গাজীর ছেলে মতিয়ার রহমানের স্ত্রী পারুল বেগম ২৮ আগস্ট খুন হন। হুরগাতী গ্রামের ফাতেমা ২৪ সেপ্টেম্বর নিজ ঘরে খুন হন। ৬ নভেম্বর মুড়াগাছা-মদনপুর গ্রামের গোলাম হোসেন প্রতিপক্ষের হামলায় আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর তাঁর মৃত্যু হয়। চলতি বছরের ৫ জানুয়ারি পুলিশ মুন্সিখানপুর গ্রামের একটি বাগান থেকে খালেদা খানম নামের একজন মানবাধিকার কর্মীর জবাই করা লাশ উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলার বাদী মিন্টু হোসেনের অভিযোগ, ঘুষের বিনিময়ে পুলিশ আসামিদের ধরছে না। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আকরাম হোসেন অভিযোগ অস্বীকার করেছেন।মধুপুর গ্রামের উজ্জ্বলের স্ত্রী রোজিনা খাতুন ২৫ জানুয়ারি সন্ধ্যায় খুন করে খাটুরা স্কুলের সেপটিক ট্যাংকের ভেতর লাশ লুকিয়ে রাখা হয়। রোজিনার বাবা নুরুজ্জামান উজ্জ্বলসহ চারজনের নামে থানায় মামলা করেন। তাঁর অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা ঘুষ নিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করছে না। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মূল আসামিকে গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালাচ্ছি।’কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হাবিবুর রহমানের লাশ ২৭ জানুয়ারি বিকেলে মনিরামপুরের বাদামতলায় নদীর তীর থেকে উদ্ধার করা হয়। গত ১০ ফেব্রুয়ারি উপজেলার পাঁচাকড়ি গ্রামের রাজবংশীপাড়ার বৈদ্যনাথ বিশ্বাসের মেয়ে ববিতা বিশ্বাসকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়। সর্বশেষ গত ১২ মার্চ উপজেলার গাংগুলিয়া গ্রামের জয়নালের স্ত্রী জেসমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এসব মামলার বেশ কয়েকজন বাদীর অভিযোগ, অনেক আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও টাকার বিনিময়ে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। রত্নেস্বরপুর গ্রামের শরিফুল হত্যা মামলার বাদী নিছারউদ্দীন বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী লতিফ, ফারুক, মোক্তার ও মফিজের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। অথচ পুলিশ ঘুষ নিয়ে মামলা থেকে লতিফের নাম বাদ দিয়েছে।’ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘ঘুষ নেওয়ার অভিযোগ ঠিক নয়। প্রাথমিক তদন্তে লতিফের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’ মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি। এসব মামলা আগে পর্যালোচনা করে দেখি। তারপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাব।’ তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান প্রকাশ হত্যা মামলার অভিযোগপত্র ইতিমধ্যে আগের ওসি দিয়ে গেছেন। এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান বলেন, অধিকাংশ মামলার মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর মামলার বাদীরা সব সময় ঠিক বলেন না। পুলিশ সবকিছু পারে, এটা ঠিক নয়। জনগণ সহযোগিতা করলে পুলিশের পক্ষে অনেক কিছু করা সম্ভব।