রাঙামাটি শহর থেকে প্রতিদিন শত শত ঘনফুট মূল্যবান কাঠ অবৈধভাবে জেলার বাইরে যাচ্ছে। এর মধ্যে সামান্য পরিমাণ কাঠ বন বিভাগের লোকজন আটক করলেও বেশির ভাগ আটক করা সম্ভব হয় না। বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।তবে কাঠ পাচার নিয়ে বন বিভাগ ও কাঠ ব্যবসায়ীদের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বন বিভাগ বলছে, কাঠ পাচারের সঙ্গে ব্যবসায়ীরা জড়িত। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, বন বিভাগের লোকজনের সহযোগিতা ছাড়া কাঠ রাঙামাটি শহরে নিয়ে আসা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কার্যালয়ের হিসাবমতে, ২০১১-১২ অর্থবছরে পাচারকালে চিরাই ও গোল কাঠ আটক করা হয়েছে ২৮ হাজার ৬৯৩ দশমিক ০৪ ঘনফুট। অর্থাৎ প্রতি মাসে গড়ে আটক হয়েছে দুই হাজার ৩৯২ ঘনফুট। আর জ্বালানি কাঠ আটক করা হয়েছে তিন হাজার ৬৫০ ঘনফুট। কাঠ আটকের ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে মাত্র দুজনকে।রাঙামাটি সদর রেঞ্জের কর্মকর্তা অজয় রায় বলেন, বিভিন্ন কায়দায় বিভিন্ন যানবাহনে কাঠগুলো পাচার করা হয়। এসব যানবাহনের মধ্যে রয়েছে: সড়কপথে ট্রাক, বাস, জিপ, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা এবং নৌপথে ইঞ্জিনচালিত বোট। রেঞ্জ কর্মকর্তা স্বীকার করেন, করাতকলগুলোতে চিরাইয়ের আগে কাঠের উৎস জানানোর নিয়ম রয়েছে। তবে কাঠ চিরাইয়ের আগে উৎসের হিসাব না দিয়ে একটা বাৎসরিক হিসাব দেয় করাতকলগুলো।সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি শহরের আসামবস্তি, পর্যটন এলাকা, তবলছড়ি, বনরূপা, রাজবাড়ী ও শহরতলির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে ২৫ থেকে ৩০টি করাতকল রয়েছে। অভিযোগ রয়েছে, করাতকলগুলোতে অবৈধ কাঠগুলো রাখা হয়। রাঙামাটি করাতকল মালিক সমিতির সভাপতি হাজি ফজলুর রহমান ও সদস্য মো. মইনুদ্দিন সেলিম বলেন, করাতকলগুলোতে স্থানীয় লোকজনের ব্যবহারের জন্য কাঠ চিরাই করা হয়, যার পরিমাণ খুবই কম। চোরাই কাঠ রাখার ব্যাপারে বলেন, বাইরে থেকে যেসব লোকজন কাঠ ব্যবসা করতে আসেন, তাঁরাই বেশি কাঠ পাচারের সঙ্গে জড়িত। তাঁদের অনেক গোপন ঘাট রয়েছে, যেগুলোতে বন বিভাগের লোকজন মাঝেমধ্যে নামমাত্র হানা দিলেও সব কাঠ আটক করা হয় না। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাওন ফরিদ বলেন, বন বিভাগের লোকজন যেসব কাঠ আটক করে তা লোক-দেখানো। এর চেয়ে অনেক বেশি কাঠ বন বিভাগের লোকজনের সহযোগিতায় পাচার হয়ে যায়।