এক বছরে ৪১ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে সরকারের সঙ্গে জনসংহতি সমিতির শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। তার পর থেকে আদিবাসীদের মধ্যে সংঘাত শুরু হয়। সংঘাতে নিহতের সঠিক সংখ্যা জানা না গেলেও আদিবাসীদের নেতৃত্বাধীন তিনটি বিবদমান সংগঠনের ধারণা, গত ১৬ বছরে কমপক্ষে ৭০০ জন নিহত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত চারজন নিরীহ ব্যক্তিসহ খুন হয়েছেন ৪১ জন।
জানা গেছে, পার্বত্য চুক্তির পরবর্তী বছরে আদিবাসী ছাত্রদের একটি অংশ জনসংহতি সমিতি ত্যাগ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নামে একটি সংগঠন গঠন করে। পরবর্তী সময়ে ২০০৯ সালে সন্তু লারমার নেতৃত্ব থেকে পৃথক হয়ে জনসংহতি সমিতি (এমএন-লারমা) নামে আরও একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টি হয়।
দল তিনটির হিসাব অনুযায়ী চলতি বছর ২০১৩ সালে ভ্রাতৃঘাতী সংঘাতে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে গত বৃহস্পতিবার বাঘাইছড়িতে নিহত দুজনসহ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ১৪ জন, ইউপিডিএফের পাঁচজন, জনসংহতি সমিতির (এমএন-লারমা) ১৮ জন এবং চারজন নিরীহ ব্যক্তি খুন হন।
এসব খুনোখুনি ঘটনার ব্যাপারে তিনটি সংগঠনের নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেন। আদিবাসীদের নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংঘাত সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, রাজনৈতিক দলগুলোর মতদ্বৈধতা থাকতে পারে। কিন্তু সে কারণে রক্তক্ষয়ী সংঘাত কারও কাম্য হতে পারে না। এ সংঘাতের কারণে সাধারণ মানুষ এখন আতঙ্কিত, ক্ষুব্ধ। এ সংঘাত অচিরেই বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে পার্বত্যচুক্তির বলে পাওয়া অধিকার আদায়ে সরকারকে চাপ সৃষ্টি করা যাচ্ছে না বলে গৌতম দেওয়ান মনে করেন। ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘আমরা সব সময় ঐক্যের পক্ষে। আমরা ঐক্যের ডাক দিলেও সন্তু লারমা ঐক্য চান না। তিনি বারবার ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা এবং নির্মূলের কথা বলছেন। মূলত তাঁর (সন্তু) কারণে সংঘাত দীর্ঘ হচ্ছে।’
জনসংহতি সমিতির (এমএন-লারমা) সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘সন্তু লারমা ঐক্যের প্রধান প্রতিবন্ধক। আমরা সব সময় ঐক্যের কথা বলে আসছি। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নই। অথচ আমাদের দলই ভ্রাতৃৃঘাতী সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’
জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘পার্বত্যচুক্তি স্বাক্ষরের পরপরই চুক্তির বিরোধিতার নামে ইউপিডিএফ খুন-সন্ত্রাস আর ধ্বংসের রাজনীতি শুরু করে ঐক্যকে ধ্বংস করেছে। অব্যাহতভাবে খুন-সন্ত্রাস চালিয়ে ঐক্যের কথা বলা তাদের মুখে মানায় না। জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নে জনগণের যে ঐক্যের কথা বলে তা প্রকৃত ঐক্য।’