রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত এক বছরে অপ্রাপ্তবয়স্ক ৪১ মেয়েশিশু ও কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তবে একটি বেসরকারি সংস্থার দাবি, এ সংখ্যা আরও অনেক বেশি। এখনো সেখানে শতাধিক অপ্রাপ্তবয়স্ক মেয়ে উদ্ধারের অপেক্ষায় আছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৪১ মেয়েশিশু ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের অনেককে পরিবারের কাছে এবং কয়েকজনকে ফরিদপুরের নিরাপদ আবাসনে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অর্ধশত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া একাধিক মেয়ে প্রথম আলোকে বলে, পল্লির অনেক বাড়িতেই দু-একটি কম বয়সী মেয়ে আছে। এসব মেয়ে প্রতারক চক্রের শিকার। ওই চক্রের লোকজন পোশাক কারখানা, রেলস্টেশন ও বাস টার্মিনাল এলাকা থেকে চাকরির লোভ দেখিয়ে, কখনো প্রেমের অভিনয় করে দরিদ্র, অসহায় পরিবারের মেয়ে বা পোশাকশ্রমিকদের এনে এখানে বিক্রি করে।
সম্প্রতি বেসরকারি সংস্থা পায়াক্টের সহযোগিতায় গুরুতর জখম এক তরুণীকে (২২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। গোপালগঞ্জের ওই তরুণী বলেন, ঘটনার এক মাস আগে সাদ্দাম নামের এক দালালের খপ্পরে পড়েন তিনি। পরে তাঁকে রোজী নামের এক সর্দারনির কাছে বিক্রি করা হয়। কথা না শুনলে তাঁর ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হতো। পালানোর চেষ্টাকালে তাঁকে ধরে লাঠি ও হাতুড়িপেটা করা হয়। পরে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।
গত ২৪ জানুয়ারি ওই পল্লি থেকে রাজশাহীর গোদাগাড়ী এলাকার এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়। সে জানায়, বাবা-মা মারা গেলে ঢাকার নবীনগরে আত্মীয়ের বাসায় থেকে পোশাক কারখানায় কাজ নেয়। ওই আত্মীয় তার মালপত্র নিয়ে পালিয়ে যান। পরে তার দুই বন্ধুর সহযোগিতা চায় সে। ওই দুজন আসলে দালাল চক্রের সদস্য। তাঁরা কৌশলে তাকে এই পল্লিতে বিক্রি করে দেন।
শিশু সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, তাঁর ধারণা, ওই পল্লিতে এখনো প্রায় ১০০ অপ্রাপ্তবয়স্ক মেয়ে আছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, গত এক বছরে বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক অন্তত ১০০ মেয়েকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, আইনের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এনজিও ছাড়া সমাজসেবা এবং মহিলা ও শিশু-বিষয়ক অধিদপ্তর তৎপর হলে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে।