এক বছরে ৪১৭ গাড়িচোর গ্রেপ্তার, বেশির ভাগই মুক্ত
গত বছর (২০০৯) ঢাকা শহরে মোট ৪১৭ জন গাড়িচোর গ্রেপ্তার হলেও তাদের বেশির ভাগই জামিনে ছাড়া পেয়ে আবারও চুরি করে বেড়াচ্ছে। যেসব গাড়ি ছিনতাইয়ে হত্যার ঘটনা ঘটেছে, শুধু সেসব মামলায় জামিন পায় না তারা।মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এক বছরে ঢাকা মহানগরে ৪১৭ জন গাড়িচোরকে গ্রেপ্তার করে গোয়েন্দা, থানা পুলিশ ও র্যাব। এদের মধ্যে গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দলই গ্রেপ্তার করে ১২০ জনকে। ২০০৯ সালে ঢাকা থেকে ৬৫০টি গাড়ি চুরি ও ছিনতাই হয়। এর মধ্যে ৪৪০টি গাড়ি উদ্ধার করে পুলিশ। চুরি যাওয়া গাড়ির ৭৫ শতাংশই উদ্ধার হয়েছে বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।ওই কর্মকর্তা জানান, ৪১৭ জনের মধ্যে অন্তত ১০০ জন গত বছরই একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি গ্রেপ্তার হওয়া গাড়ি চুরি চক্রের নেতা বিল্লালও গ্রেপ্তার হয়ে দুই মাস যেতে না-যেতেই ছাড়া পেয়ে যায়।ওই কর্মকর্তা জানান, এই সময়ের মধ্যে গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা গাড়ি ছিনতাই করতে গিয়ে অন্তত ১২ জন চালককে হত্যা করেছে বলে তথ্য রয়েছে। ঢাকার বিভিন্ন রেন্ট এ কার থেকে গাড়ি ভাড়া করে ঢাকার বাইরে যাওয়ার সময় খুন করে কোনো ফাঁকা রাস্তায় এদের লাশ ফেলে দেওয়া হয়। এই খুনের ঘটনাগুলোর বেশির ভাগ আসামিদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।আরেকজন কর্মকর্তা জানান, এই ৪১৭ জনের মধ্যে ৫০ থেকে ৫৫ জন এখন কারাগারে। বাকিরা ছাড়া পেয়ে গেছে। কারাগারে থাকা চোরদের বেশির ভাগই খুনি ছিনতাইকারী, গাড়ি চুরির সময় এদের বিরুদ্ধে চালককে খুন করার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত বছরের শেষ দিকে গ্রেপ্তার করা কয়েকজন এখনো কারাগারে।পুলিশ কর্মকর্তারা জানান, গাড়ি চুরির ঘটনায় সাধারণত দস্যুতা বা ছিনতাই ও ডাকাতির মামলা হয়। তবে থানার ওসিরা অনেক সময় ডাকাতির মামলা নিতে চান না। কারণ ডাকাতির ঘটনা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যতম নির্ধারক। ডাকাতির মামলা হলে সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে ধরে নেওয়া হয়। এ কারণে ডাকাতির মামলা না নিয়ে দস্যুতার মামলা নেয় থানা। দস্যুতার মামলায় সাত দিন থেকে দুই মাসের মধ্যেই জামিন পেয়ে যায় চোরেরা। আর ওদের রয়েছে নিয়মিত বেতনভুক একাধিক আইনজীবী। চক্রের কেউ ধরা পড়লেই সেই আইনজীবীরা দৌড়ঝাঁপ শুরু করেন। এক চোরের জন্য আদালতে দাঁড়িয়ে যান একাধিক আইনজীবী। এদের রিমান্ডের আবেদন করেও অনেক সময় পাওয়া যায় না।গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক জানান, গত বছরের এপ্রিল মাসে মোহাম্মদপুর থানার একটি গাড়ি চুরির মামলায় বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছিল। এক দফা রিমান্ডে নিয়ে আদালতে পাঠানোর পরই জুন মাসে তার জামিন হয়ে যায়। দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করেও তাকে পাওয়া যায়নি। আরেকজন কর্মকর্তা জানান, চোরাই গাড়িসহ চোর ধরা পড়ার পর ফৌজদারি কার্যবিধির ৩৭৯ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়। এ ধারা জামিনযোগ্য, যে কারণে গ্রেপ্তারের এক-দুই দিন পর সবাই জামিনে ছাড়া পেয়ে যায়। তা ছাড়া চুরি হওয়া গাড়ি উদ্ধারের পর গাড়ির মালিক আর মামলায় সাক্ষী দিতে চান না। এ কারণে চুরি হওয়া গাড়ি উদ্ধার হলেও চোরের সাজার হার কমে যায়।গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোখলেসুর রহমান জানান, এখন গুলজার, সিদ্দিক, তারেক, ফিরোজ, আজিজ গ্রুপ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাড়ি চুরি করে বেড়াচ্ছে। দু-এক বছরের মধ্যে কোনো না কোনো সময় গ্রেপ্তার হয়েছিল। পরে আবার জামিনে ছাড়া পেয়ে গেছে। গুলজার, তারেক, ফিরোজ, আজিজ—এরা একসময় বিল্লালের দলেই ছিল। পরে এরা পৃথক দল তৈরি করে। আবার বিল্লালও কাজ করত সিদ্দিকের দলের হয়ে। পরে সে নিজেই দল গঠন করে।