এক বছরে ৫০টি পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে গত এক বছরে সরকারি ও ব্যক্তিগত মালিকানার ৫০টি পুকুর ভরাট করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে ছোট, বড় ও মাঝারি আকারের দেড় শতাধিক পুকুর রয়েছে। এর মধ্যে সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুরের সংখ্যা প্রায় ১০০। গত বছরের মার্চ মাস থেকে আজ পর্যন্ত সরকারি, ব্যক্তিগত মিলে ৫০টি পুকুর মাটি ও বালু ফেলে ভরাট করা হয়েছে।
মতলব পৌর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা হাবিব উল্লাহ পাটওয়ারি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যেকোনো পুকুর ও জলাশয় ভরাট করতে ভূমি কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। কিন্তু কেউ এ নিয়ম মানছেন না। আইন না মেনেই পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলা সদরে গত এক বছরে ৫০টি পুকুর ভরাট করা হয়েছে। লোকবলের অভাবে এগুলো তদারকি করা সম্ভব হচ্ছে না।
গত ২৮ মার্চ উপজেলা সদরের টিঅ্যান্ডটি, মধ্য, পূর্ব ও দক্ষিণ কলাদী, পশু হাসপাতালের মোড়, মেইন হোস্টেল, নবকলস, ঘোষপট্টি, মহিলা কলেজ, চরমুকুন্দি ও ভাঙ্গারপাড় এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার পুকুরগুলো মাটি ও বালু ফেলে ভরাট করা হয়েছে। নির্মাণ করা হয়েছে পাকা, আধা পাকা ও কাঁচা বাড়িঘর। গড়ে উঠেছে দোকানপাট, ব্যাংক-বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠান।
সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।