এক বছরে ৮৯৭ আসামির সাজা মওকুফ করা হয়েছে
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে ৯৭২টি মামলায় ৮৯৭ জন আসামির সাজা মওকুফ করা হয়েছে। এসব আসামির মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর ওরফে লাবুও রয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে জামায়াতের সাংসদ কে এইচ এম হামিদুর রহমান আযাদের এক লিখিত প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার এ কথা জানান।সংসদের অধিবেশন বেলা তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রাজধানীর যানজট নিরসনে সরকার ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়ন শুরু হয়েছে। এ ছাড়া শাহবাগ থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত পাতাল সড়ক নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন। অনুমোদনের পর ১৮ মাসের মধ্যেই তা নির্মাণ করা সম্ভব হবে। তিনি বলেন, মিরপুর থেকে বিমানবন্দর সংযোগ সড়ক নির্মাণকাজ শেষপর্যায়ে রয়েছে। এর ফলেও রাজধানীর যানজট কিছুটা কমবে।চৌকিদারদের বেতন বাড়ছে: ঢাকার সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সব ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদারদের বেতন বাড়ানো হবে। ইতিমধ্যে চৌকিদারদের দুই হাজার ৮০০ টাকা এবং দফাদারদের ন্যূনতম বেতন তিন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এটা কার্যকর করা হবে।শাহরিয়ার আলমের অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।