কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে এক বছরেই ঝরে পড়ল ১৬ হাজার শিক্ষার্থী। সিলেবাস ভীতি, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া, দারিদ্র, বাল্যবিবাহ, বিদেশপ্রবণতা, শ্রেণীকক্ষে অনুপস্থিতি ও দক্ষ শিক্ষক না থাকার কারণে এসব শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানা গেছে। আগামী ১ এপ্রিল থেকে বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী অংশ নেবে। ২০১০-১১ সালে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ৭৮ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় নাম নিবন্ধন করে ৬২ হাজার ৭৫০ জন। এক বছরেই নিয়মিত শিক্ষার্থী ঝরে পড়েছে ১৬ হাজার ২৩৪ জন। ২০১১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৯৭ জন। এর মধ্যে অকৃতকার্য হয় ২০ হাজার ২৬০ জন। দুই বছর মিলিয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা ৯৯ হাজার ২৪৪ জন। কিন্তু পরীক্ষায় অংশ নেয়নি ২০ হাজার ২৬১ জন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় খারাপ করায় আমরা পরীক্ষা দিতে পারিনি। উচ্চমাধ্যমিকের সিলেবাস অনেক বড়।’ জানতে চাইলে মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মজিদ বলেন, ‘কলেজ ব্যবস্থাপনা কমিটির রাজনৈতিক অপতৎপরতা, শিক্ষকদের দলাদলি, দারিদ্র ও জটিল পাঠ্যসূচির কারণে ঝরে পড়ার হার দিন দিন বাড়ছে।’সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লার সভাপতি ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী বলেন, ‘আনন্দহীন পাঠদান, কোচিং নির্ভরপ্রবণতা ও মুখস্থ বিদ্যার কারণে ঝরে পড়ার হার ক্রমশই বাড়ছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম বলেন, ‘আর্থসামাজিক প্রেক্ষাপট, বড় আকারের পাঠ্যসূচি ও শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের মনিটরিংব্যবস্থা সুদৃঢ় না হওয়ায় এইচএসসিতে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমছে। রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত লক্ষ্য থাকলেই ঝরে পড়ার হার রোধ করা সম্ভব।’