কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এক বছরেই ঝরে পড়ল ১৮ হাজার ৫০৯ জন শিক্ষার্থী। পাঠ্যক্রমভীতি, দরিদ্রতা, বিদেশ যাওয়ার প্রবণতা, বিয়ে ও হতাশার কারণে ওই শিক্ষার্থীরা ঝরে পড়ছে বলে জানা গেছে। আজ রোববার ওই বোর্ডসহ দেশের সব কটি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১১-১২ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে এক লাখ ২৬ হাজার ৭৬৭ জন। এর মধ্যে এবার নিয়মিত শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে এক লাখ আট হাজার ২৫৮ জন। এক বছরে ঝরে পড়ল ১৮ হাজার ৫০৯ জন। এ বছর মোট এক লাখ ২৮ হাজার ২৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২০ হাজার ২২ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার এক হাজার ৫৭১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছে। মোট ২১১টি পরীক্ষাকেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা হবে। এ বছর পরীক্ষাকেন্দ্র ২৯টি বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে কুমিল্লার মুকুন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘পাঠ্যক্রমভীতি, দরিদ্রতা, বাল্যবিবাহ, নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ও ছেলেদের বিদেশগামী প্রবণতার কারণে এবার এক বছরেই ১৮ হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সিহাব উদ্দিন আহমেদ বলেন, ‘ঝরে পড়ার হার কমে আসছে। শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে জনসচেতনতা বাড়লে ওই সংখ্যা আরও কমবে।’কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, ‘গ্রামাঞ্চলে ঝরে পড়ার হার বেশি। সেখানকার শিক্ষার্থীদের অধিকাংশই ইংরেজি ও গণিতে দুর্বল। পাঠ্যক্রমভীতি ও দরিদ্রতার কারণে সামগ্রিকভাবে ঝরে পড়ার সংখ্যা বেড়ে যাচ্ছে।’