খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র এক বছর আগে করা কার্পেটিং নষ্ট হয়ে সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
মহাসড়ক-সংলগ্ন এলাকার অনেক বাসিন্দা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার পর্যন্ত মহাসড়কটিতে এক বছর আগে কার্পেটিং করা হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে কাজটি করে। এলাকাবাসী ও যাতায়াতকারীদের অভিযোগ, তখন তড়িঘড়ি করে কাজটি সম্পন্ন করতে জোড়াতালি দিয়ে সংস্কার করা হয় সড়কটি। এখন সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
রাস্তাটি খারাপ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। ওই সড়ক দিয়ে নিয়মিত পিকআপ ভ্যানে করে মালামাল পরিবহন করেন ইদ্রিস আলী। তিনি বলেন, যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। আবার অনেক সময় সড়কে সৃষ্টি হওয়া গর্তে পড়ে যানবাহনের বিভিন্ন ধরনের ক্ষতিসাধন হচ্ছে। কিছুদিন চলার পরেই গাড়ির টায়ার দ্রুত ক্ষয়ে যাচ্ছে।
প্রতিদিন খুলনা থেকে পাইকগাছা-কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার কয়েক শ যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। এটি বিভাগীয় শহর খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের সংযোগ সড়ক।
বাসচালক আকবর হোসেন বলেন, বাসের চাকা গর্তে পড়লে উল্টে যাওয়ার উপক্রম হয়। তখন যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনলে এ সড়কে আর গাড়ি চালাতে ইচ্ছে হয় না। কিন্তু পেটের তাগিদে চালাতে হয়। চুকনগরের বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, একবার খুলনা শহরে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। তার পরও নিরুপায় হয়ে প্রতিদিন চলাচল করতে হয়।
সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, সড়কের যেসব স্থান থেকে কার্পেটিং উঠে গেছে, সেসব স্থানে বিটুমিন দিয়ে আবার ঢালাই করে দেওয়া হবে। জানুয়ারি মাসে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।