এক বছরেই তিনি চারবার 'ভারপ্রাপ্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মোখলেছুর রহমান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে কর্মরত। এখানে তাঁর চাকরির মেয়াদ এক বছরের সামান্য বেশি। কিন্তু এ সময়েই নিজ দায়িত্বের পাশাপাশি চারবার তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিইও) পদে ভারপ্রাপ্ত হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোখলেছুর রহমান ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি এটিইও পদে যোগদান করেন। ওই সময়ের টিইও শামীম আহম্মেদ বদলি হলে ওই বছরের ৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোখলেছুর প্রথমবারের মতো ভারপ্রাপ্ত টিইও হিসেবে কাজ করেন। এরপর টিইও হিসেবে যোগ দেন আবু সায়েম মো. তৌহিদুল আলম। পরে তৌহিদুল আলম বদলি হলে গত বছরের ১৫ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত দ্বিতীয়বারের মতো ভারপ্রাপ্ত টিইওর দায়িত্ব পালন করেন মোখলেছুর। এরপর টিইও হিসেবে আসেন আঞ্জুমান আরা বেগম। আঞ্জুমান আরা বিনোদন ছুটিতে গেলে গত ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত তৃতীয়বারের মতো মোখলেছুর ভারপ্রাপ্ত টিইওর দায়িত্ব পালন করেন। পরে টিইও আঞ্জুমান আরা বেগম বদলি হলে গত ২৮ মে থেকে তিনি ভারপ্রাপ্ত টিইওর দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ভারপ্রাপ্ত লোক দিয়ে স্বাভাবিক (রুটিন) কাজ চললেও গুরুত্বপূর্ণ কাজ হয় না। ফাইলপত্র আটকে থাকে। এতে শিক্ষকদের ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে এটিইও মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ঘন ঘন টিইও বদলি হওয়ায় বারবার তাঁর ওপর ভারপ্রাপ্তের দায়িত্ব পড়ে। তবু কোনো সমস্যা হচ্ছে না।
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ওখানে কোনো টিইওই বেশি দিন টিকে না। এ জন্য এ সমস্যা হয়েছে। নতুন কর্মকর্তা দেওয়ার চেষ্টা চলছে।