এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ছুরিকাঘাতে কলেজছাত্র সাব্বির হোসেন (১৬) নিহত হওয়ার ঘটনার এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি রেলওয়ে পুলিশ।

নিহত সাব্বিরের পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৪ আগস্ট সাব্বিরের বড় ভাই সাজ্জাদ হোসেন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাজ্জাদ হোসেন বলেন, রেলওয়ে থানায় যোগাযোগ করা হলে তারা প্রতিবারই দ্রুত অভিযোগপত্র দেওয়ার আশ্বাস দেয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বলেন, ‘ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই বর্তমানে ময়মনসিংহের বাইরে অবস্থান করায় অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। আশা করি, খুব দ্রুত তদন্তের কাজ শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে।’

সাব্বির হোসেনের বাড়ি গাজীপুর জেলা সদরের উত্তর রাজবাড়ি এলাকায়। সে গাজীপুরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে রমজানের ছুটিতে ময়মনসিংহে তার মামার বাড়িতে বেড়াতে আসে। বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গত বছরের ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে গেলে কাউন্টারের সামনেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী মো. হানিফকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ।