এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের পার্ক রোডের ন্যাশনাল ব্যাংকের সামনে দুই ব্যক্তিকে গুলি করে প্রায় ৫৬ লাখ টাকা লুটের ঘটনার এক বছর পূর্ণ হয়েছে ২১ এপ্রিল। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দিতে পারেনি পুলিশ। অথচ এক বছরের মধ্যে একে একে মামলার চারজন তদন্ত কর্মকর্তা বদল হয়েছে।
পুলিশ দাবি করেছে, মামলার তদন্ত কর্মকর্তাদের বদলিজনিত কারণে এক বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।
আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, সাধারণত অভিযোগপত্র আদালতে দাখিলের পর বিচারকাজ শুরু হয়। বিচারকাজ যত বিলম্বিত হবে, মানুষের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা তত কমবে। কাজেই সময়মতো অভিযোগপত্র দাখিল হওয়াটা বাঞ্ছনীয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে সাতজনই জামিনে আছেন। ড়এক বছরে বদলি হন মামলার চার তদন্ত কর্মকর্তা। প্রথমে মামলাটি তদন্ত করেন গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক মাহবুব আলম। পরবর্তী সময়ে একই থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন শেখ, তারপর উপপরিদর্শক ফিরোজ হোসেন দায়িত্ব পান। বর্তমানে পরিদর্শক (তদন্ত) ওসমান আলী মামলাটির তদন্ত করছেন।
মামলার বাদী আশেক জাহান পল্লব বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। এখন মামলা নিয়ে আমি হতাশায় ভুগছি।’
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, তদন্ত কর্মকর্তার বদলিজনিত কারণে অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। এ ছাড়া পুলিশের তদন্তে সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে, যারা পলাতক। তাদের ধরা গেলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে আশা করা হচ্ছে। মূল রহস্য উদ্ঘাটনের পরই অভিযোগপত্র দেওয়া হবে।
গাইবান্ধা শহরের ব্যবসায়ী আশেক জাহান ২০১৪ সালের ২১ এপ্রিল তাঁর কর্মচারী সাখায়াত হোসেনকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ব্যাংকের গাইবান্ধা শাখায় টাকা জমা দিতে যান। ব্যাংকে ঢোকার পথে ডাকাতেরা গুলি করে তাঁদের কাছে থাকা নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ৪৬ লাখ ও ৭ লাখ ৭০ হাজার টাকার দুটি চেক লুট করে। এ নিয়ে ওই বছরের ২২ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।