এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিকুল ইসলাম ওরফে শাকিল
আতিকুল ইসলাম ওরফে শাকিল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নামের স্থানীয় এক মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এক বছর আগে খুন হন আতিকুল ইসলাম ওরফে শাকিল (৩০)। এ ঘটনায় ওই হত্যা মামলা করেছিল আতিকুলের পরিবার। কিন্তু আজও মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এখন এ মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আতিকুলের পরিবার।
আতিকুল প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের বড় ভাই।
আতিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকুল জেলা শহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। খুন হওয়ার আগে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা গত বছরের ২ আগস্ট তাঁকে শহরের পীরবাড়ি মহল্লার প্রয়াসে ভর্তি করেন। প্রয়াস থেকে জানানো হয়েছিল ৯ আগস্ট আতিকুলকে বাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রয়াসের পরিচালক রুবেল মিয়া ও কামরুল হাসান সদর হাসপাতালের বারান্দায় আতিকুলের লাশ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ১০ আগস্ট আতিকুলের মা রহিমা বেগম প্রয়াসের পাঁচ মালিক ও পরিচালক দেওয়ান এমনুন, রুবেল মিয়া, কামরুল হাসান, পাপ্পু ভট্টাচার্য ও রাজিব খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযোগপত্র দিতে পারেনি।
রহিমা বেগম বলেন, ‘সুস্থ করার লাইগ্গা ছেলেরে সেন্টারে ভর্তি করাইছিলাম। কিন্তু রহস্যজনক কারণে হেরা আমার ছেলেরা খুন কইরা ফেলাইছে।’ তিনি আরও বলেন, সে সময় আতিকুলের লাশের ময়নাতদন্ত সম্পন্নকারী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রানা নুরুস শামস জানিয়েছিলেন, হাসপাতালে আনার আগেই আতিকুল মারা যান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত পাঁচ আসামিকে চার সপ্তাহের জন্য জামিন দেন। জামিন শেষে ১১ অক্টোবর আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ শামীমা আফরোজ জামিনের আবেদনের শুনানি কিছুক্ষণ পর হবে বলে নিজের কক্ষে চলে যান। সে সময় পাঁচ আসামি এজলাস থেকে বের হয়ে আদালতের বারান্দায় থাকা মামলার বাদী রহিমা, নিহতের ফুফু সাহিদা বেগম ও শাহাদৎ হোসেনকে মারধর করেন। দ্বিতীয় শুনানিতে শামীমা আফরোজ জামিনের আবেদন নামঞ্জুর করে দেন। অক্টোবর মাসে আসামিরা পুনরায় উচ্চ আদালত থেকে জামিনে বের হন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইশতিয়াক আহমেদ ও ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আদালতে তা জমা দেওয়া হবে।