এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের সাত বছরের শিশু ময়না হত্যাকাণ্ডের অভিযোগপত্র এক বছরেও দিতে পারেনি পুলিশ। কবে দেওয়া হবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এত দিনেও অভিযোগপত্র না দেওয়ার কথা শুনে প্রথম আলোর কাছে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার। তিনি মামলাটি দ্রুত ও গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন।রাজধানীর মিরপুর বড়বাগের একটি বাড়ি থেকে গত বছরের ২২ জানুয়ারি বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শিশু ময়নার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে—এ অভিযোগ এনে বাবা দেলোয়ার হোসেন মিরপুর থানায় একটি মামলা করেন। কিন্তু মামলা দায়েরের তিন মাস পরও তদন্তের অগ্রগতি না হওয়ায় ময়নার বাবা মিরপুর বিভাগের উপকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে ওই মাসেই মন্ত্রণালয় থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরপর নয় মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। ইতিমধ্যে দুজন তদন্তকারী বদল হয়েছেন। উপপরিদর্শক শাহজাহান খান বর্তমানে তদন্ত করছেন।নিহত ময়নার অভিভাবকের অভিযোগ, নতুন তদন্তকারী এখন পর্যন্ত ঘটনাস্থলেই যাননি। তিনি বাদীর সঙ্গে যোগাযোগও করেননি।এ ব্যাপারে জানতে চাইলে এসআই শাহজাহান খান প্রথম আলোকে বলেন, তিনি সেখানে যাননি, সেটা ঠিক নয়।গতকাল থানায় গিয়ে মামলার ব্যাপারে জানতে চাইলে এসআই বলেন, চেষ্টা হচ্ছে, দেখা যাক কী হয়। পরে স্বরাষ্ট্রসচিবের নির্দেশের পর তিনি বিষয়টি দ্রুত সুরাহা করার আশ্বাস দেন।